গত বছরের মতো এ বছরও আমাদের দেশের সিনেমাগুলো আন্তর্জাতিক মহলে সমাদর পাচ্ছে। এ তালিকায় রয়েছে ‘‌আদিম’, ‘‌পাতালঘর’ ও ‘নকশিকাঁথার জমিন’ সিনেমাগুলো। চলতি মাসের মাঝামাঝিতে শুরু হতে যাচ্ছে মস্কো ফিল্ম ফেস্টিভ্যালের ৪৫তম আসর। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলোর একটি। এবারের মস্কোর এ আসর বাংলাদেশের জন্য অন্য রকম। কারণ বিচারক ও প্রতিযোগী দুইই থাকছে এবার বাংলাদেশ থেকে। ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে অংশ নেয় স্বাধীন চলচ্চিত্র নির্মাতা যুবরাজ শামীমের প্রথম সিনেমা আদিম। উৎসবে সিলভার সেন্ট জর্জ অ্যাওয়ার্ড ও নেটপ্যাক সম্মাননা অর্জন করে নেয় সিনেমাটি। তবে এবার নিজের সিনেমার জন্য নয়, মস্কোর চলচ্চিত্র উৎসবের বিচারক হিসেবে যাচ্ছেন যুবরাজ শামীম। 

পৃথিবীর মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলোর একটি মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ উৎসবের মূল বিভাগে প্রতিযোগিতায় বিজয়ী নির্মাতাকে পরের বছরের উৎসবে জুরি নির্বাচন করার দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। সে ধারাবাহিকতায় আদিম নির্মাতাকে এ বছর বিচারক হওয়ার আমন্ত্রণ জানানো হয়। উৎসবে প্রতিযোগিতা বিভাগে থাকা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর বিচার-বিশ্লেষণের দায়িত্ব যাদের ওপর থাকছে, তাদের একজন যুবরাজ শামীম। 

বিষয়টি নিয়ে এ তরুণ নির্মাতা বলেন, ‘‌এমন প্রেস্টিজিয়াস আসরে বিচারকের দায়িত্ব পাওয়া নিশ্চয় গর্বের। ৪৫তম মস্কো চলচ্চিত্র উৎসব আয়োজকরা এমন দায়িত্বের জন্য আমাকে বেছে নিয়েছেন, এটা ভেবে আনন্দ পাচ্ছি। আশা করি, আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে সর্বোচ্চ সচেষ্ট থাকব।’

অন্যদিকে জয়া আহসান অভিনীত ‘পেয়ারার সুবাস’ মস্কো চলচ্চিত্র উৎসবের এবারের আসরের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। এ বিভাগে আরো সব মিলিয়ে ১২টি সিনেমা প্রতিযোগিতা করবে, যার একটি জয়ার ‘‌ পেয়ারার সুবাস’। গুণী নির্মাতা নুরুল আলম আতিক সিনেমাটি পরিচালনা করেছেন। ২০ এপ্রিল শুরু হবে মস্কো উৎসবের এবারের আসর, শেষ হবে ২৭ এপ্রিল। তার আগে ২৬ এপ্রিল উৎসবে হবে পেয়ারার সুবাসের আন্তর্জাতিক প্রিমিয়ার।

সিনেমাটিতে মূল চরিত্রে আছেন জয়া আহসান। এতে তিনি এক গ্রাম্য নারীর চরিত্রে অভিনয় করেছেন। অন্যান্য চরিত্রে রয়েছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, মাহমুদ আলমসহ আরো অনেকে। এ সিনেমা নিয়ে জয়া আহসান বলেন, ‘আমার প্রথম সিনেমার পরিচালক ছিলেন নুরুল আলম আতিক। তার সঙ্গে কাজ করার সময়টা আমি সবসময় উপভোগ করি। খুব ভালো ও অন্য রকম একটা অভিজ্ঞতা হয়। এ কাজ যখন করেছি, তখনো একই রকম এক্সসাইটেড ছিলাম। আমরা সাধারণরা সবসময় যে দৃষ্টিভঙ্গি দিয়ে ছবি দেখি বা কাজ দেখি, আতিক আসলে সবসময় নতুনভাবে, নতুন কিছু দেখতে শেখায় বা দেখায়। আমার মনে হয়, এ ধরনের পটভূমিতে হয়তো বাংলা ছবি এর আগে হয়নি। আমার চরিত্রসহ এ সিনেমার প্রতিটা চরিত্র খুব শক্তিশালী। পুরো সিনেমায় একটা অন্য রকম ভাষা আছে।’ 

মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণের বিষয়টি নিয়ে জয়া বলেন, ‘সিনেমাটার কাজ আমরা বেশ আগেই শেষ করেছি। এখন আমি ভীষণ খুশি। বিশ্বের দারুণ সব সিনেমার সঙ্গে আমাদের সিনেমাটা প্রতিযোগিতা করবে। সেটা খুব আনন্দের ব্যাপার।’

নুরুল আলম আতিক একজন গুণী টেলিভিশন নাট্যকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। এ নির্মাতার পেয়ারার সুবাস এখনো দেশে মুক্তি না পেলেও আন্তর্জাতিক প্রিমিয়ার হতে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম চলচ্চিত্র উৎসবের মঞ্চে। এ নিয়ে তিনি বলেন, ‘নিঃসন্দেহে এটি আনন্দের খবর। পেয়ারার সুবাস মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় স্থান পাওয়াটাই একটা সন্মানের বিষয়। মস্কোতে সিনেমাটির প্রিমিয়ার হতে যাচ্ছে। এ শুভক্ষণে আমার প্রযোজক শাহরিয়ার শাকিলসহ সব শিল্পী, কলাকুশলীদের অভিনন্দন জানাই।’ আলফা আই প্রযোজিত পেয়ারার সুবাসের সহপ্রযোজক হিসেবে আছে চরকি। এর আগে বণিক বার্তাকে দেয়া এক সাক্ষাৎকারে আতিক জানিয়েছিলেন, চলতি বছরেই মুক্তি পেতে পারে সিনেমাটি। সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে ২০১৬ সালে। এবার দেখার পালা মস্কোতে কেমন সুবাস ছড়ায় এ সিনেমা।