র‍াস্টফ ব্যান্ডের ভোকাল আহরার মাসুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভক্তদের কাছে তিনি পরিচিত ছিলেন দীপ নামে। আজ মঙ্গলবার সকাল আটটায় ব্যান্ডের অফিসিয়াল ফেসবুক পেজে এই শোকসংবাদ জানানো হয়। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

র‍াস্টফ ব্যান্ডের শোকবার্তায় বলা হয়েছে, ‘এমন এক বেদনাদায়ক মুহূর্তে সঠিক শব্দ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। প্রিয় ভোকালিস্ট, বন্ধু ও সহযাত্রী আহরার ‘দীপ’ মাসুদের মৃত্যু আমাদের স্তম্ভিত করেছে। আমরা শোকে ভেঙে পড়েছি, এখনো অবিশ্বাসের ভেতর ডুবে আছি। তার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের প্রতি আমাদের অন্তরের সমবেদনা ও প্রার্থনা। আমাদের চেষ্টা দীপের অসাধারণ প্রতিভা এবং মানবিক গুণাবলী স্মরণ করা। এই কঠিন সময়ে দয়া করে পরিবার ও কাছের মানুষদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন এবং তাঁর আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন। শান্তিতে ঘুমাও, দীপ। তোমার শূন্যতা চিরকাল বেদনাময় হয়ে থাকবে।’

তরুণদের জনপ্রিয় ব্যান্ড পাওয়ারসার্চও দীপের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। তাদের ফেসবুক পোস্টে লেখা হয়েছে, ‘স্মরণ করছি আহরার মাসুদ দীপকে। কিছুক্ষণ আগে আমরা হারিয়েছি আমাদের প্রিয় ভাই, ঘনিষ্ঠ বন্ধু এবং এক সত্যিকারের শিল্পীকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

পাওয়ারসার্চ স্মৃতিচারণ করে লিখেছে, ‘২০০৪ সাল থেকে দীপ আমাদের যাত্রার এক কাছের মানুষ ছিলেন। একসাথে মঞ্চ ভাগাভাগি করা, ঠাট্টা-তামাশা—এই সমস্ত স্মৃতি হৃদয়ে অমলিন হয়ে থাকবে। দীপ শুধু একজন ভোকালিস্টই ছিলেন না, তিনি শক্তি, সৃজনশীলতা ও আবেগের প্রতীক, যিনি চারপাশের সবাইকে অনুপ্রাণিত করেছেন। শান্তিতে থাকো ভাই, তুমি সব সময় আমাদের গল্পের অংশ হয়ে থাকবে।’