তার ভাষায়, পছন্দের কাজ না পেলেও তিনি নিজের জীবন নিয়ে সুখী এবং কোনো ধরনের অস্থিরতায় ভোগেন না।

সম্প্রতি এইচটি সিটি শোস্টপার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সোনাক্ষী জানান, এখন তিনি কেবল সে চরিত্রই বেছে নেন, যা তাকে একজন অভিনেত্রী হিসেবে আনন্দ ও তৃপ্তি দেয়। ক্যারিয়ারে অনেক ধরনের সিনেমায় কাজ করেছেন। কোনো কাজ নিয়েই তার অনুশোচনা নেই। তবে স্বীকার করেন, একসময় অন্যদের খুশি করতে বা বিভিন্ন কারণে এমন কিছু সিনেমায়ও অভিনয় করেছেন, যেগুলো হয়তো পুরোপুরি তার নিজের পছন্দ ছিল না।

সম্প্রতি মুক্তি পাওয়া সোনাক্ষীর নতুন আইনি গল্পভিত্তিক সিনেমা সিস্টেম দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। এতে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে সোনাক্ষী বলেন, ‘পুরো টিমের সঙ্গে কাজ করা ছিল দারুণ এক যাত্রা। পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি, অভিনেত্রী জ্যোতিকা ও আশুতোষ গোয়ারিকরের সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত।’

সিনেমাটির প্রচারণার সময় পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি সোনাক্ষীর অভিনয়ের প্রশংসা করে তাকে ‘ভারতের মেরিল স্ট্রিপ ও কেট উইন্সলেট’ বলে উল্লেখ করেন। এ প্রসঙ্গে সোনাক্ষী জানান, এমন তুলনা শুনে প্রথমে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। পরে অবশ্য এটিকে বড় সম্মান হিসেবেই দেখেছেন। তার মতে, যাদের তিনি নিজেই এত শ্রদ্ধা করেন, তাদের সঙ্গে তুলনা হওয়া একজন শিল্পীর জন্য অনুপ্রেরণার।

সাক্ষাৎকারে ব্যক্তিগত স্টাইল নিয়েও কথা বলেন সোনাক্ষী। জানান, প্রচণ্ড গরমের কারণে এখন তিনি লিলেন ও কটনের ঢিলেঢালা পোশাক বেশি পরেন। একসময় কালো রঙের পোশাকই ছিল তার সবচেয়ে প্রিয়, তবে এখন গরমের কারণে সাদা ও নীল রঙের পোশাকের প্রতিই ঝুঁকেছেন এ অভিনেত্রী।

সূত্র: হিন্দুস্তান টাইমস