নব্বইয়ের দশক থেকেই বাংলাদেশ আর ভারতের যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ হয়ে আসছে। ‘পদ্মা নদীর মাঝি’, ‘হঠাৎ বৃষ্টি’ কিংবা ‘মনের মাঝে তুমি’র মতো দুর্দান্ত সিনেমা এ দুই দেশের যৌথ প্রযোজনায় নির্মাণ করা হয়েছে। এছাড়া বর্তমান সময়ের ডিজিটাল যুগে বাংলাদেশের কনটেন্টের কদর বেড়েছে ওপার বাংলায়। ঠিক এ সময় বাংলাদেশ আর ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে ‘স্পর্শ’। সিনেমাটি পরিচালনা করবেন বাংলাদেশের অনন্য মামুন ও কলকাতার অভিনন্দন দত্ত। সিনেমাটিতে অভিনয় করবেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত আর তার বিপরীতে থাকবেন বাংলাদেশের নিরব হোসেন। এতে আরো অভিনয় করবেন খরাজ মুখোপাধ্যায়। প্রযোজনা সংস্থা অ্যাকশন কাট এনটারটেইনমেন্ট ও রোল ক্যামেরা অ্যাকশনের ব্যানারে নির্মিত হবে স্পর্শ।
নতুন এ সিনেমা নিয়ে বণিক বার্তার সঙ্গে কথা বলেন নিরব হোসেন। তিনি বলেন, ‘প্রথমেই আমি বলব স্পর্শের গল্পটা অনেক সুন্দর। সিনেমাটা নিয়ে আলাদা ভালো লাগা কাজ করছে আমার মধ্যে। আর সবচেয়ে বড় কথা অনেক দিন পর জয়েন্ট ভেঞ্চার সিনেমা হতে যাচ্ছে। দর্শন, চলচ্চিত্রপ্রেমী যারা আছেন, তাদের কাছে জয়েন্ট ভেঞ্চার সিনেমা মানেই বড় বাজেট আর অনেক ভালো প্রডাকশন। সব মিলিয়ে আমারও মনে হয় স্পর্শ তেমনি একটি প্রজেক্ট হবে। আশা করছি ভালো কিছু হতে যাচ্ছে আর দর্শক নিরাশ হবে না।’
শুটিং প্রসঙ্গে জানতে চাওয়া হলে নিরব বলেন, ‘খুব শিগগির এ সিনেমার শুটিং শুরু করব। এখনই নির্দিষ্ট করে সময়টা বলব না। তবে আশা করা যায় আগামী বছর ছবিটি আসতে পারে। দুই দেশেই এর শুটিং হবে। এর গল্পটা অনেক সুন্দর। রোমান্টিক কমেডি ধাঁচের গল্পের সিনেমা এটি। এর বেশি আর বলা যাবে না।’
নব্বইয়ের দশকে রুপালি জগতে পা রাখেন ঋতুপর্ণা। একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। স্পর্শ সিনেমাটি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে ঋতুপর্ণা বলেন, ‘অনেকদিন পর আবার ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ হচ্ছে। এটা খুব ইন্টারেস্টিং একটা সিনেমা আর এর গল্পটাও অন্য রকম। এ ধরনের একটা সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। মানুষের সম্পর্কের টানাপড়েনের গল্প নিয়ে এ সিনেমা। শেষ পর্যন্ত সম্পর্ককে কে আঁকড়ে ধরে বা কে ফেলে দেয়, সেটাই এর মূল উপজীব্য। এখন এর বেশি আর কিছু না।’
২০১২ সালে ‘ মোস্ট ওয়েলকাম’ সিনেমা দিয়ে পরিচালনা শুরু করেন। তারপর ২০১৪ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘আমি শুধু চিয়েছি তোমায়’ পরিচালনা করেন। এরপর একাধিক ব্যবসাসফল সিনেমা নির্মাণ করেছেন তিনি। স্পর্শ প্রসঙ্গে পরিচালক অনন্য মামুন বলেন, ‘গল্পের প্রয়োজনে সিনেমাটি যৌথ প্রযোজনায় আসতে যাচ্ছে। চলতি মাসেই আমরা শুটিং করব। কলকাতার অভিনেত্রীর পাশাপাশি দেশের একজন মডেলের এ সিনেমার মাধ্যমে অভিষেক হবে।’
চলতি বছরে বাংলা ইন্ডাস্ট্রির জন্য এটি ছিল এক উল্লেখযোগ্য বিষয়। একাধিক ব্যবসাসফল সিনেমা এসেছে এ বছর। দর্শক হলমুখী হয়ে সিনেমা দেখেছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে আগামী বছর স্পর্শ কেমন চমক নিয়ে আসে, সেটি এখন দেখার পালা।










