‘এই শহর, যাদুর শহর, প্রাণের শহর ঢাকারে...’ খুব কম মানুষ আছে যারা গানটি শোনেনি। দেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’-এর অন্যতম শ্রোতাপ্রিয় গান যাদুর শহর। ২০০২ সালে ‘চিরকুট’ প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর দলটি বেড়ে উঠেছে শ্রোতাদের ভালোবাসা নিয়ে। তাদের একাধিক গান মানুষের মন জয় করেছে। গান জনপ্রিয়তা পেলেও প্রথম অ্যালবাম প্রকাশে বেশ দেরি করেছে চিরকুট। তাদের প্রথম অ্যালবাম চিরকুটনামা প্রকাশ পায় ২০১০ সালে। চিরকুটের নতুন খবর হলো ছয় বছর পর নতুন একটি অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে। এটা চিরকুটের চতুর্থ অ্যালবাম। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তারা চতুর্থ অ্যালবামের ঘোষণা দেয়। এখনো নতুন অ্যালবামটি প্রকাশের কাজ চলছে।

নতুন অ্যালবাম নিয়ে জানতে চাইলে চিরকুটের ভোকাল শারমিন সুলতানা সুমি বলেন, ‘অ্যালবামের গানের কাজ শুরু হয়েছে বেশ কিছুদিন আগেই। ঘোষণাটা এখন দেয়া হলো। ঘোষণা দেয়ার পর সবার কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি। চেষ্টা করছি দ্রুত সব কাজ গুছিয়ে নেয়ার।’

নতুন অ্যালবাম প্রসঙ্গে আসতেই সবার আগে মাথায় আসে এর নাম নিয়ে। চিরকুটের এর আগের তিনটি অ্যালবামের নাম বেশ আলাদা। তাই এবারের অ্যালবামের নাম কী হতে পারে এ নিয়ে কিছুটা হেঁয়ালি করেছিল চিরকুট। অবশেষে ভক্তদের অপেক্ষায় না রেখে চিরকুট শুক্রবার ঘোষণা দেয় তাদের চতুর্থ অ্যালবামের নাম ‘‌পেন্ডুলাম’।

চিরকুটের প্রথম অ্যালবামে চিরকুটনামায় ছিল নয়টি গান। যার মধ্যে ‘খাজনা’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল শ্রোতামহলে। আসন্ন অ্যালবামটিতে কয়টি গান আছে আর কবে আসতে যাচ্ছে এ নিয়ে চিরকুট ভক্তদের আগ্রহ অনেক। চিরকুটের পেজের কমেন্ট বক্স ঘুরে দেখা যায় বেশির ভাগ ভক্তের এখন প্রশ্ন কবে নাগাদ প্রকাশ পেতে যাচ্ছে চিরকুটের নতুন অ্যালবাম। এ নিয়ে সুমি সোজাসাপটা বলেন, ‘‌আমরা নতুন কিছু উপহার দেয়ার চেষ্টা করছি। নতুন প্রজেক্টে ১০-১১টি গান থাকবে। অনেক যত্ন নিয়ে চতুর্থ অ্যালবামটি তৈরি করছি। আশা করছি, চলতি বছরের শেষদিকে অ্যালবামটি বাজারে নিয়ে আসতে পারব।’

চিরকুটের দ্বিতীয় অ্যালবাম ‘যাদুর শহর’ প্রকাশিত হয় ২০১৩ সালে। সর্বশেষ তাদের তৃতীয় অ্যালবাম ‘উধাও’ প্রকাশ পায় ২০১৭ সালে। দুটি অ্যালবামের প্রায় সব গানই শ্রোতাদের গ্রহণযোগ্যতা পেয়েছে।

শ্রোতা জনপ্রিয় একাধিক গানকে পুঁজি করে দুই দশক পার করেছে দলটি। দেশ ও দেশের বাইরেও সমানভাবে দর্শকের ভালোবাসা পেয়েছে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই যাত্রা ব্যান্ডটির। ২০ বছর পূর্তি উপলক্ষে ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে কনসার্ট করে চিরকুট। ‘টিএসসি টু ম্যাডিসন স্কয়ার গার্ডেন’ শিরোনামের এ কনসার্টে চিরকুট ভক্তদের ঢল নেমেছিল। গত বছর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনে আয়োজিত ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ’ কনসার্টে কিংবদন্তি ব্যান্ড ‘স্করপিয়ন্স’-এর সঙ্গে একই মঞ্চে পারফর্ম করে চিরকুট। ফোক থেকে রক, ক্ল্যাসিক্যাল থেকে দেশের গান কিংবা চলচ্চিত্র সব জায়গায়ই শ্রোতাদের ভালোবাসা পেয়েছে চিরকুট। আহারে জীবন, কানামাছি, যাদুর শহর, দুনিয়া, এই শহরের কাকটাও জেনে গেছে কিংবা খাজনার মতো একাধিক জনপ্রিয় গান রয়েছে এ ব্যান্ডের ঝুলিতে। এছাড়া গত বছর জয়া আহসান অভিনীত ‘বিউটি সার্কাস’ সিনেমাটি মুক্তি পায়। ব্যান্ড চিরকুটের নিবেদনে বিউটি সার্কাস ‘বয়ে যাও নক্ষত্র’ গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন শারমিন সুলতানা সুমি। গানটিও দর্শক জনপ্রিয়তা পেয়েছে।

চিরকুটের প্রথম প্রকাশিত গান ‘ঘরে ফেরা’ এবং চিরকুটের এখন পর্যন্ত শেষ প্রকাশিত গান ‘লালে লাল’। এটি দুই মাস আগে চিরকুটের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছিল। গত বছর চিরকুটের তিনটি গান মুক্তি পায়। গানগুলো হচ্ছে ‘বোকা বোকা’, ‘খালাস’, ‘দেখা হোক দেখা হবে’ শিরোনামের। প্রতিটি গানই দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়।

বর্তমানে চিরকুট ব্যান্ডের লাইনআপ: শারমিন সুলতানা সুমি (ভোকাল), পাভেল আরিন (ড্রামস), জাহিদ হাসান নিরব (কি-বোর্ড, হারমোনিয়াম), তাওকির তাজাম্মুল (অতিথি সদস্য) ও নেওয়াজ (অতিথি সদস্য)।