সে সাম্রাজ্যের মূল্যও উঠে এসেছে হিসাবের খাতায়। ভারতের সবচেয়ে মূল্যবান তারকা ব্র্যান্ডের তালিকায় আবারো শীর্ষস্থান দখল করেছেন শাহরুখ খান। পরামর্শক প্রতিষ্ঠান ‘‌ক্রোল’র বার্ষিক ‘‌সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট-২০২৫’ অনুযায়ী, শাহরুখের ব্র্যান্ডমূল্য এখন ১৭৭ কোটি ৯০ লাখ ডলার। দুই বছরের ব্যবধানে তার ব্র্যান্ডমূল্য বেড়েছে প্রায় ৪৭ শতাংশ। ২০২৪ সালে ১৪৫ কোটি ৭০ লাখ ডলার ব্র্যান্ডমূল্য নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে ছিলেন শাহরুখ। এক বছর পর তার ব্র্যান্ডমূল্য বেড়েছে প্রায় ২২ শতাংশ। এর মধ্য দিয়ে আগেরবারের শীর্ষস্থানীয় ক্রিকেট তারকা বিরাট কোহলিকে পেছনে ফেলে আবারো ভারতের সবচেয়ে মূল্যবান তারকা ব্র্যান্ডের জায়গাটি নিজের করে নিয়েছেন তিনি। শাহরুখের ব্র্যান্ডমূল্যের উত্থানের গল্প অবশ্য এক বছরের নয়। ২০২৩ সালে তার ব্র্যান্ডমূল্য ছিল ১২০ কোটি ৭০ লাখ ডলার এবং অবস্থান ছিল তৃতীয়। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ১৪৫ কোটি ৭০ লাখ ডলারে। আর ২০২৫ সালে সেটিই লাফ দিয়ে পৌঁছেছে ১৭৭ কোটি ৯০ লাখ ডলারে। অর্থাৎ দুই বছরে তার ব্র্যান্ডমূল্য বেড়েছে প্রায় ৫৭ কোটি ২০ লাখ ডলার।

এ উত্থানের পেছনে রয়েছে একের পর এক নতুন ব্র্যান্ড চুক্তি ও পুরনো অংশীদারত্ব ধরে রাখার কৌশল। গত এক বছরে শাহরুখের এন্ডোর্সমেন্ট পোর্টফোলিওতে যুক্ত হয়েছে ক্যাস্ট্রল, জয় পার্সোনাল কেয়ার ও ক্যান্ডিয়ারের মতো ব্র্যান্ড। পাশাপাশি হুন্দাই, এলজি, মিন্ত্রা ও এয়ারবিএনবির মতো প্রতিষ্ঠিত ব্র্যান্ডের সঙ্গেও তার অংশীদারত্ব অব্যাহত রয়েছে। গাড়ি থেকে ইলেকট্রনিকস, ফ্যাশন থেকে ভ্রমণ ও লাইফস্টাইল—বিভিন্ন খাতেই তার উপস্থিতি তাকে বিজ্ঞাপনী বাজারে শক্তিশালী অবস্থান ধরে রাখতে সহায়তা করছে। তবে তারকা ব্র্যান্ডের মূল্য এখন আর শুধু বিজ্ঞাপনের সংখ্যায় আটকে নেই। ক্রলের প্রতিবেদন বলছে, ডিজিটাল উপস্থিতি, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পৃক্ততা ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন সুযোগও এখন একজন তারকার ব্র্যান্ডমূল্য নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে উদ্যোক্তা হিসেবে তারকাদের কার্যক্রম এবং নতুন ধরনের আয় ও বাণিজ্যিকীকরণের সুযোগ।

ক্রলের ভ্যালুয়েশন অ্যাডভাইজরি সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক উমাকান্ত পানিগ্রাহী বলেন, ‘২০২৫ সালের র‌্যাংকিংয়ে তারকা ব্র্যান্ডের মূল্যায়নে প্রচলিত এন্ডোর্সমেন্টের পাশাপাশি ডিজিটাল প্রাসঙ্গিকতা, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পৃক্ততা এবং এআই-নির্ভর নতুন সুযোগের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। তার মতে, প্রতিষ্ঠিত তারকারা এখনো শক্তিশালী ব্র্যান্ড ইকুইটি ধরে রাখলেও ডিজিটালভিত্তিক সম্পৃক্ততা ও নতুন আয় মডেল ভবিষ্যতের তারকা ব্র্যান্ডের চেহারা বদলে দিচ্ছে।’

সেই বদলে যাওয়া বাজারে শাহরুখের অবস্থানও যে শক্তিশালী, তার প্রমাণ মিলছে ধারাবাহিক ব্র্যান্ডমূল্য বৃদ্ধিতে। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও বাণিজ্যিক অংশীদারত্বে তার দীর্ঘদিনের উপস্থিতি তাকে ভারতের অন্যতম প্রভাবশালী তারকা ব্র্যান্ডে পরিণত করেছে। সিনেমার দিক থেকেও সামনে রয়েছে বড় প্রত্যাশা। বহুল প্রতীক্ষিত কিং সিনেমা নিয়ে ব্যস্ত শাহরুখ।

সূত্র: বলিউড হাঙ্গামা