শেষ হলো ভেনিস চলচ্চিত্র উৎসব। শনিবার রাতে ভেনিসের সমাপ্তির পাশাপাশি পুরস্কারও ঘোষণা করা হয়। এই আসরে সেরা চলচ্চিত্রের জন্য মর্যাদাপূর্ণ গোল্ডেন লায়ন জিতে নিয়েছে মে এল-তুকির ওম্যান আননোন।
পুরস্কার গ্রহণের সময় আবেগঘন বক্তব্যে নারী নির্মাতাদের স্বল্পতার প্রসঙ্গ তুলে ধরেন এল-তুকি। তিনি বলেন, ‘এই মহান সম্মানের জন্য জুরিকে ধন্যবাদ। আর বিশেষভাবে তোমাকে, ম্যাগি (জুরিপ্রধান)। নারী নির্মাতাদের সমান সুযোগের কথা তুমি বলেছ। আমার সিনেমাটির জন্য আর্থিক, বাস্তব ব্যবস্থাপনা ও আবেগ সব দিক থেকেই পুরো বিষয়টা অত্যন্ত কঠিন ছিল। আমাকে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে আমাদের অভিন্ন ইতিহাসের অজানা নারীদের সামনে নিয়ে আসার, তাদের পরিচিত করে তোলার তাগিদ। আর আজ রাতে বিশেষভাবে মনে হচ্ছে, আমি সেটি করতে পেরেছি।’
এবারের আসরে নারী নির্মাতাদের স্বল্প অংশগ্রহণ সবাইকে বিস্মিত ও বিব্রত করেছিল। অন্যদিকে আসরের জুরিপ্রধান একজন নারী। সব মিলিয়ে তুকির পুরস্কার হয়, এই বিষয়টাকে একটা সাম্যাবস্থায় এনেছে।
একই সিনেমার জন্য অভিনেত্রী ম্যাথিল্ড আর্সেল সেরা অভিনেত্রীর জন্য ভলপি কাপ জিতে নেন। পুরস্কার গ্রহণের সময় তার সরল ও কিছুটা অপ্রস্তুত বক্তব্যে দর্শকদের মন জয় করেন ডেনিশ এই অভিনেত্রী। আবেগাপ্লুত আর্সেল বলেন, ‘এই প্রথম কোনো সিনেমায় প্রদান চরিত্রে অভিনয় করলাম। পুরস্কারের ক্ষেত্রেও প্রথম। নিজেকে খুব ভাগ্যবান মনে করছি যে ভেনিসে, আপনাদের সঙ্গে এই অভিজ্ঞতা হচ্ছে।’

ভেনিসে মে এল-তুকি। ছবি: রয়টার্স
ওয়াইল্ড হর্স নাইন-এ এক সিআইএ এজেন্টের চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার ভলপি কাপ পেয়েছেন জন মালকোভিচ। ৭২ বছর বয়সী এই অভিনেতাকে ঘিরে এরই মধ্যে অস্কারের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে অন্য একটি সিনেমার শুটিংয়ে মন্ট্রিয়েলে থাকায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি। ভিডিও বার্তার মাধ্যমে জুরিকে ধন্যবাদ জানান মালকোভিচ। তিনি বলেন, ‘এই পুরস্কারের জন্য আমাকে বেছে নেওয়ায় আমি গভীরভাবে সম্মানিত বোধ করছি। ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮৩টি আসরে অসংখ্য অসাধারণ অভিনেতাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। আমাকে এই সম্মান দেওয়ার জন্য জুরিকে ধন্যবাদ।’

সেরা অভিনেতার পুরস্কার পান জন মালকোভিচ। ছবি: রয়টার্স
উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড জুরি প্রাইজ পেয়েছে লি চ্যাং-দং পরিচালিত পসিবল লাভ। সিনেমাটি আন্তর্জাতিক ফিচার বিভাগে অস্কারের দৌড়ে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিত্ব করবে।
সেরা পরিচালকের জন্য সিলভার লায়ন পেয়েছেন রুশ ভিন্নমতাবলম্বী নির্মাতা ইলিয়া খ্রজানভস্কি। দুই দশক ধরে নির্মাণাধীন তার তিন ঘণ্টা ১৫ মিনিটের সিনেমা ডিএইউ তাকে এই পুরস্কার এনে দিয়েছে।
পুরস্কারটি উৎসর্গ করে তিনি বলেন, ‘এই ভয়াবহ যুদ্ধে স্বাধীনতা, শান্তি, বিজয় এবং নিজেদের বিশ্বাসের জন্য লড়াই করা ইউক্রেনীয়দের উদ্দেশে’ এটি উৎসর্গ করতে চান তিনি। একই সঙ্গে দর্শকসারিতে বসে থাকা নিজের মাকেও পুরস্কারটি উৎসর্গ করেন খ্রজানভস্কি।

সেরা অভিনেত্রী ম্যাথিল্ড আর্সেল। ছবি: সেলেবস হান্ড্রেড
নো আদার ল্যান্ড-এর ইসরায়েলি সহ-পরিচালক ইউভাল আব্রাহাম ও র্যাচেল সোর্সের নির্মিত গাজা সংঘাতের শক্তিশালী প্রামাণ্যচিত্র নাজা পেয়েছে স্পেশাল জুরি প্রাইজ।
আব্রাহাম বলেন, ‘এখানে দাঁড়িয়ে কথা বলা সত্যিই সহজ নয়। কারণ ইসরায়েলের অনেক রাজনীতিক ও সাংবাদিক এখন এই সিনেমাটিকে আক্রমণ করছেন, এমনকি না দেখেই এর বক্তব্য অস্বীকার করছেন। বাস্তবতার দিকে না তাকানোর জন্য অনেক কিছুই করা হচ্ছে।’

ভেনিসে নাজা টিম। ছবি: এএনআই
জুরি সভাপতি ম্যাগি জিলেনহালের সঙ্গে এবারের প্রতিযোগিতা বিভাগের জুরিতে ছিলেন দ্য ভয়েস অব হিন্দ রাজাব নির্মাতা কাওথার বেন হানিয়া, হংকংয়ের খ্যাতিমান নির্মাতা জনি তো, আফগান নির্মাতা শাহরবানু সাদাত, ফরাসি পরিচালক ও চিত্রনাট্যকার জাভিয়ের জিওনোলি, দ্য ব্রুটালিস্ট-এর সুরকার ড্যানিয়েল ব্লুমবার্গ এবং যুক্তরাষ্ট্রভিত্তিক ইতালীয় চলচ্চিত্র গবেষক ফ্রান্সেস্কো ক্যাসেত্তি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একাধিকবার স্মরণ করা হয় অস্কারজয়ী ব্রিটিশ প্রযোজক জেরেমি থমাসকে। শুক্রবার ৭৭ বছর বয়সে মারা যান তিনি।
ইতালির বোলোনিয়া ফিল্ম আর্কাইভের প্রধান এবং দেশটির দাভিদ দি দোনাতেল্লো অ্যাওয়ার্ডসের শিল্পনির্দেশক জিয়ানলুকা ফারিনেল্লি বলেন, ‘তিনি সিনেমাকে ভালোবাসতেন; মানুষ নির্মিত সিনেমাকে, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি সিনেমাকে নয়। তিনি আমাদের দেশকে গভীরভাবে ভালোবাসতেন। তিনি অসাধারণ সব সিনেমা প্রযোজনা করেছেন, যার মধ্যে ইতালির মহান নির্মাতাদের ছবিও রয়েছে।’
সূত্র: ভ্যরাইটি










