বিভিন্ন দিবস ঘিরে তারকাদের ব্যস্ততার যেন অন্ত থাকে না। অন্যান্য সময়ের তুলনায় এ সময় তাদের কাজের মাত্রা কিছুটা বেড়ে যায়। শুরু হয় স্পট থেকে স্পটে ছোটাছুটি। লাইট-ক্যামেরা-অ্যাকশনের গতিও যেন এ সময় বেড়ে যায়। বিশেষ দিনগুলোয় দর্শকদের নতুন কিছু উপহার দিতেই তাদের এ ব্যস্ততা। আগামী ১৪ তারিখ বিশ্ব ভালোবাসা দিবস। দিনটিকে আরো একটু আনন্দময় করতে দর্শকদের জন্য উপহারের ডালি সাজিয়েছেন তারকারা। এ তালিকায় নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে মিউজিক ভিডিও কোনো কিছুই বাদ যায়নি।
ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। দিবসটি ঘিরে দর্শকদের জন্য এ অভিনেত্রীর উপহারের তালিকাটি বেশ বড়। এবার ভালোবাসা দিবসে প্রায় ১৫টি নাটকে দেখা যাবে তাকে। এসব নাটকে তার সহশিল্পী হিসেবে কখনো আফরান নিশো, অপূর্ব আবার কখনোবা তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদকে দেখবেন দর্শক। বর্তমানে বিচিত্র সব চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে এ অভিনেত্রীকে—কখনো ভিক্ষুক, কখনোবা চিকিৎসক। ভালোবাসা দিবসেও এর ব্যতিক্রম ঘটেনি। এর মধ্যে একটি হলো শিফট। এ নাটকে মেহজাবিনকে একজন প্লাস্টিক ফ্যাক্টরির কর্মচারী হিসেবে দেখা যাবে। ফ্যাক্টরির বিল্ডিং হঠাৎ ধসে পড়ে। এভাবেই নাটকের গল্প এগিয়ে যায় বলে তিনি জানান। নাটকটি পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার।
বসে নেই অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও। এ বছর ভালোবাসা দিবসে তিশা অভিনীত বেশ কয়েকটি নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে। এর মধ্যে যে শহরে ভালোবাসা নেই নাটকটি ১৪ ফেব্রুয়ারি এনটিভিতে প্রচারিত হবে। এতে তার বিপরীতে দেখা যাবে অভিনেতা রওনক হাসানকে। গানের মানুষ তাহসানের সঙ্গেও দর্শকরা দেখতে পাবেন এ অভিনেত্রীকে। তাহসান-তিশার বেঁচে থাক ভালোবাসা নাটকটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি।
এছাড়া ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত লজ্জা নামের আরো একটি নাটকে অভিনয় করেছেন তিশা। নাটকটিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা মুশফিক আর ফারহান। নাটকটির মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তারা। সচেতনতামূলক গল্প নিয়ে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন হাবিবুর রহমান। এছাড়া তিশা অভিনীত ইমরাউল রাফাতের ফ্যান্টাসি ওয়েডিং নাটকটি বাংলাভিশনে প্রচার করা হবে।
১৪ ফেব্রুয়ারি দর্শকদের আনন্দে নতুন মাত্রা যোগ করতে বেশ আগে থেকেই মাঠে নেমেছেন অভিনেত্রী সাফা কবির। একাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি দুটি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন। এর মধ্যে সাফা অভিনীত শেষটা সবাই জানে নাটকটি ভালোবাসা দিবসে রাত ৮টায় একাধিক চ্যানেলে প্রচারিত হবে। নাটকটি পরিচালনা করেছেন নুহাশ হুমায়ূন। এতে সাফার বিপরীতে অভিনয় করেছেন জুনায়েদ বুকদাদি।
অভিনেত্রী তানজিন তিশা নাটকের পাশাপাশি কাজ করেছেন একটি মিউজিক ভিডিওতে। গত শনিবার সুস্মিতা আনিসের ইউটিউবে মুক্তি পেয়েছে তানজিন তিশা অভিনীত মিউজিক ভিডিও স্মৃতির ফানুস। এক দম্পতির স্মৃতি নিয়ে নির্মিত স্মৃতির ফানুস গানটি লিখেছেন তাহসান খান ও মেহেদী হাসান লেমন। ভিডিওটি নির্মাণ করেছেন নাহিয়ান আহমেদ। নতুন নাটকের পাশাপাশি ভালোবাসার কিছু পুরনো নাটকও দেখানো হবে বলে তিনি জানান।
পিছিয়ে নেই ন ডরাই খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালও। ন ডরাই সিনেমায় অভিনয়ের পর এবার নাটকের খাতায় নাম লিখিয়েছেন এ ‘সার্ফিং কন্যা’। ভালোবাসা দিবসে দর্শকদের জন্য থাকছে তার নতুন উপহার। দিবসটি উপলক্ষে তোমার পাশে হাঁটতে দিও নামের একটি নাটকে অভিনয় করেছেন সুনেরাহ। তার বিপরীতে সহশিল্পী হিসেবে আছেন খায়রুল বাসার। অনম বিশ্বাসের পরিচালনায় নাটকটি ভালোবাসা দিবসে রাতটায় একযোগে ১৩টি চ্যানেলে প্রচার করা হবে। এছাড়া নাজিয়া হক অর্ষা, অপূর্ব, মোশাররফ করিম অভিনীত বেশকিছু নাটক ভালোবাসা দিবসে দেখা যাবে।
এদিকে ১৪ ফেব্রুয়ারি চলচ্চিত্রপ্রেমীদের জন্য থাকছে বিশেষ চমক। এদিন শাকিব-বুবলী অভিনীত বীর ছবি মুক্তির কথা রয়েছে। ছবিটি পরিচালনা করেছেন চিত্রপরিচালক কাজী হায়াৎ। গত শনিবার রাতে শাকিব খানের অফিশিয়াল পেজে ছবির ট্রেইলার প্রকাশ করা হয়েছে। ৩ মিনিট ১৬ সেকেন্ডের ট্রেইলারে উঠে এসেছে রাজনীতি ও অ্যাকশনধর্মী নানা চিত্র। রায়হান রাফি পরিচালিত ভালোবাসা দিবসের ছবি পরাণ। এরই মধ্যে ছবিটির ট্রেইলার মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। দিবসটি সামনে রেখে ছবিটি মুক্তির কথা রয়েছে।










