ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে এখনো ভালো অবস্থানে রয়েছে ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’। দুই ঈদেই চাঙ্গা হয়েছিল দেশের প্রেক্ষাগৃহগুলো। ঈদের সিনেমার রেশ কাটার আগেই এ আগস্টে ধারাবাহিকভাবে মুক্তি পেতে যাচ্ছে পাঁচটি দেশী সিনেমা। এ তালিকায় সবার প্রথমে আছে সরকারি অনুদানে নির্মিত পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ সিনেমা ‘মাইক’ ও ‘গোয়িং হোম’। সিনেমা দুটি মুক্তি পাবে আগামীকাল। ১৮ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে দুটি সিনেমা। এগুলো হলো শিশুতোষ সিনেমা ‘আম কাঁঠালের ছুটি’ ও ‘১৯৭১: সেইসব দিন’। আগস্টের শেষ শুক্রবার ‘এমআর-৯: ডু অর ডাই’ সিনেমা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’ নির্মাণ করা হয়েছে। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন এফএম শাহীন, তিনি সিনেমাটির একজন পরিচালকও। এ ছাড়া পরিচালক হিসেবে কাজ করেছেন হাসান জাফরুল বিপুল। এতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, তানভীন সুইটি, তারিক আনাম খান, নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, জয়িতা মহলানবিশসহ আরো অনেকে। এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবার বড় পর্দায় জুটি হিসেবে অভিনয় করতে যাচ্ছেন ফেরদৌস ও সুইটি।
অন্যদিকে ‘গোয়িং হোম’ পরিচালনা করেছেন মাশরুর পারভেজ। তিনি প্রযোজক ও সোহেল রানার সন্তান। এ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় ফের দেখা যাবে সোহেল রানাকে। ‘গোয়িং হোম’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন মাশরুর। সম্প্রতি একঝাঁক তারকা নিয়ে হয়ে গেল এ সিনেমার প্রিমিয়ার শো। সিনেমাটি নিয়ে মাশরুর পারভেজ বলেন, ‘এটা ৯০ মিনিটের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। আমাদের টার্গেট প্রথমে সিনেমাটা সিনেপ্লেক্সে মুক্তি দেয়ার। যদি আমরা দর্শকের কাছে ভালো সাড়া পাই, তাহলে সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি মুক্তি দেব।’
আগস্টের তৃতীয় শুক্রবার প্রেক্ষাগৃহে আসতে যাওয়া দুটি সিনেমার মধ্যে মোহাম্মদ নূরুজ্জামানের শিশুতোষ সিনেমা ‘আম কাঁঠালের ছুটি’ মুক্তির আগেই দেশ ও আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে। শরীফ উদ্দিন সবুজের ছোটগল্প অবলম্বনে শিশুতোষ ঘরানার এ সিনেমা নির্মিত হয়েছে। সিনেমাটির আন্তর্জাতিক নাম ‘সামার হলিডে’। সত্তর-আশি কিংবা নব্বইয়ের দশকে যারা শৈশব-কৈশোর পার করেছেন, তাদের সে বয়সের যাপিত জীবনের নস্টালজিক আবহে তৈরি এ সিনেমা। সেই সঙ্গে হারিয়ে যাওয়া প্রাকৃতিক পরিবেশ আর নিজস্ব লোকজ সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মের শিশু-কিশোরদের পরিচয় করিয়ে দিতেই সিনেমাটি নির্মাণ করেছেন বলে জানান মোহাম্মদ নূরুজ্জামান। সিনেমাটির প্রধান চরিত্রগুলোয় অভিনয় করেছে একঝাঁক শিশু-কিশোর। এদের মধ্যে রয়েছেন লিয়ন, জুবায়ের, আরিফ, হালিমা ও তানজিল। আরো ছিলেন ফাতেমা, কামরুজ্জামান কামরুল, আব্দুল হামিদ প্রমুখ।
অন্যদিকে হৃদি হকের প্রথম পরিচালিত সিনেমা ‘১৯৭১: সেইসব দিন’ মুক্তি পাবে ১৮ আগস্ট। মুক্তিযুদ্ধভিত্তিক এ সিনেমার মূল ভাবনা প্রয়াত জনপ্রিয় নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হকের। সিনেমার চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন হৃদি হক নিজেই। এ সিনেমায় তিনি অভিনয় করেছেন বীথি চরিত্রে। তার বিপরীতে আছেন ফেরদৌস আহমেদ। আরো আছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সোনিয়া হোসেন, সানজিদা প্রীতি প্রমুখ। সিনেমার প্রচারের অংশ হিসেবে এরই মধ্যে প্রকাশ হয়েছে দুটি গান। সত্তরের দশকের ফ্যাশন, রোমান্টিক আবহ ও রহস্য সবটাই ফুটে উঠেছে সিনেমার গান দুটিতে। মুক্তির আগেই প্রশংসা পাচ্ছে সিনেমাটি।
এ সিনেমা নিয়ে হৃদি হক বলেন, ‘আমাদের সিনেমাটা কয়েকজন মানুষের গল্প নিয়ে। এ গল্প বেদনা, আগুন, দ্বিধা, প্রেম ও ভালোবাসার। আমার বিশ্বাস দর্শকের ভালোবাসা পাবে সিনেমাটি।’
আগস্টের বড় চমক নিয়ে আসতে যাচ্ছে ‘এমআর-৯: ডু অর ডাই’ সিনেমাটি। এর মধ্য দিয়ে কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ ‘মাসুদ রানা’ বড় পর্দায় হাজির হচ্ছে। হলিউডের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মাণ হয়েছে এটি। আগামী ২৫ আগস্ট বিশ্বব্যাপী ‘এমআর-৯’ মুক্তি পাবে বলে ঘোষণা দিয়েছে এর বাংলাদেশী প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এবিএম সুমনকে এতে দেখা যাবে গোয়েন্দা মাসুদ রানার চরিত্রে। এমআর-৯ নির্মাণ করেছেন বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর। সিনেমাটি নিয়ে বললেন, ‘এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রজেক্ট এবং এখান থেকে আমি সবচেয়ে বেশি অভিজ্ঞতা অর্জন করেছি। আমিসহ অনেকের শৈশবের নায়ককে বড় পর্দায় নিয়ে আসার এ প্রজেক্টে যুক্ত হতে পেরে আমি কৃতজ্ঞ ও গর্বিত। সিনেমাটি আপনাদের (দর্শক) জন্য এবং এটি এখন একটি জাতির জন্য ইতিহাস।’ স্বপ্ন স্কেয়ারক্রোর পরিবেশনায় কানাডা ও আমেরিকার ১৫০টি স্ক্রিনে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
মাসুদ রানা ভক্তদের বাহবা পেয়েছে সিনেমার ট্রেলার। হলিউড ধাঁচে অ্যাকশন আর রহস্যে ভরপুর ছিল সিনেমাটির ট্রেলার। সিনেমাটিতে এবিএম সুমন ছাড়া বাংলাদেশী অভিনেতাদের মধ্যে শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম ও টাইগার রবি অভিনয় করেছেন। এছাড়া অভিনয় করেছেন মাইকেল জেই হোয়াইট, সাক্ষী প্রধান, নিকো ফস্টার, ম্যাট পাসমোর, কেলি গ্রেসন, ফ্রাঙ্ক গ্রিলো প্রমুখ।
বর্তমানে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর প্রচারে ব্যস্ত নির্মাতা ও কলাকুশলীরা। এ নিয়ে দর্শকেরও আগ্রহ দেখা যাচ্ছে। সিনেমাগুলো মুক্তির পর হলে কেমন দর্শক আনে সেটিই এখন দেখার পালা।










