নোরা ফাতেহি নতুন করে আইনি ঝামেলায় পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি উড়োজাহাজ সংস্থার বিরুদ্ধে ‘অবমাননাকর ও দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে প্রতিষ্ঠানটি। ডুনস এভিয়েশন নামের ওই সংস্থা গুজরাটের গান্ধীনগরের একটি আদালতে নোরার বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানির মামলা করেছে বলে জানা গেছে।
অভিযোগে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নোরার পোস্ট করা ভিডিওতে প্রতিষ্ঠানটির একটি চার্টার্ড উড়োজাহাজকে তিনি ‘লেগো বিমান’ বলে অভিহিত করেন। এতে সংস্থাটির সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেছে ডুনস এভিয়েশন।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গত বছরের ডিসেম্বরে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার পথে একটি সেসনা সাইটেশন সিজেটু উড়োজাহাজ ঘটনাটি ঘটে। ডুনস এভিয়েশনের উড়োজাহাজের ভেতরে নোরা ভিডিও ধারণ করেন এবং সেটিকে ‘ক্ষুদ্রাকৃতির’, ‘খেলনা’ ও ‘লেগো বিমান’ হিসেবে বর্ণনা করেন। পরে সে ভিডিওগুলো তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেন।
ডুনসের দাবি, নোরার মন্তব্যের ফলে তাদের গুরুতর মানহানি, ব্যবসায়িক সুনাম নষ্ট এবং বাণিজ্যিকভাবে নেতিবাচক প্রভাব তৈরি হয়েছে। এর জেরে তাদের বুকিং ১৫-২০ শতাংশ কমে যায় এবং বাতিলের সংখ্যাও বেড়ে যায় বলে অভিযোগ করেছে সংস্থাটি।
তারা আরো দাবি করেছে, সংশ্লিষ্ট উড়োজাহাজটি ডিজিসিএ কর্তৃক সম্পূর্ণ অনুমোদিত, উড্ডয়নের উপযোগী এবং বৈধ নন-শিডিউলড অপারেটরস পারমিটের আওতায় আইনানুগভাবে পরিচালিত হচ্ছিল।
৩ কোটি রুপি ক্ষতিপূরণের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার সঙ্গে সম্পর্কিত নোরার সব কনটেন্ট সরিয়ে নেয়ারও দাবি জানিয়েছে উড়োজাহাজ সংস্থাটি। মামলাটি চলতি বছরের এপ্রিলে করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর এ মামলার শুনানি হওয়ার কথা।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










