বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট এবং ক্যানসাস সিটি চিফস তারকা ট্রাভিস কেলসি অবশেষে বাগদান করলেন। মঙ্গলবার তারা ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্টে লিখেছেন, ‘তোমাদের ইংলিশ টিচার আর জিম টিচার বিয়ে করতে যাচ্ছেন।‘ প্রায় দুই বছরের প্রেমপর্বের পর তারা তাদের সম্পর্ককে নতুন এক ধাপে নিয়ে গেলেন। খবর ভ্যারাইটি।

পোস্ট করা ছবিগুলোয় দেখা যায়, ফুলেল পরিবেশে কেলসি হাঁটু গেড়ে সুইফটকে আঙটি পরাচ্ছেন। আঙটিটি তৈরি করেছেন নিউইয়র্কের জুয়েলারি ডিজাইনার কিন্ড্রেড লুবেক।

সুইফট ও কেলসি দুজনের বয়সই এখন ৩৫। ২০২৩ সালের জুলাই থেকে এই হাই-প্রোফাইল জুটি একসঙ্গে আছেন। বিশ্বজুড়ে টেইলরের 'ইরাস ট্যুর' চলার সময়ই তাদের ভালোবাসার শুরু। ক্যানসাস সিটিতে একটি কনসার্টের সময় ট্র্যাভিস একটি ফ্রেন্ডশিপ ব্রেসলেটে নিজের নম্বর লিখে টেইলরকে দিতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। এরপর তিনি তার পডকাস্ট 'নিউ হাইটস'-এ টেইলরের প্রতি তার ভালোবাসার কথা খোলাখুলি জানান। ট্র্যাভিস বলেছিলেন, টেইলর তার কনসার্টের আগে বা পরে কথা বলেন না কারণ তাকে ৪৪টি গান গাওয়ার জন্য কণ্ঠকে বিশ্রাম দিতে হয়, আর এতে তিনি হতাশ হয়েছিলেন।

এই ঘটনার পর তাদের যোগাযোগ শুরু হয় এবং দ্রুতই তারা সম্পর্কে জড়িয়ে পড়েন। ২০২৩ সালের সেপ্টেম্বরে কেলসির একটি খেলা দেখতে অ্যারোহেড স্টেডিয়ামে টেইলরের উপস্থিতির মাধ্যমে তাদের সম্পর্ক প্রকাশ্যে আসে। এরপর থেকে তারা নিয়মিতই খবরের শিরোনাম হয়েছেন।

ভক্তদের প্রত্যাশিত এই ঘোষণা আসতেই সামাজিকমাধ্যমে শুভেচ্ছার ঢল নামে। এনএফএল থেকে শুরু করে সেলিব্রিটি বন্ধু-বান্ধবরা অভিনন্দন জানিয়েছেন। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মন্তব্য করেছেন— ‘ট্রাভিস একজন দারুণ খেলোয়াড়, টেইলর অসাধারণ মানুষ। আমি তাদের অনেক শুভকামনা জানাই।‘

২০২৪ সালে সুপার বোল জয়ের পর মাঠে তাদের চুম্বন ভক্তদের মাঝে তৈরি করেছিল উন্মাদনা। টেইলর তার 'ইরাস ট্যুর'-এর একটি কনসার্টে 'কার্মা' গানটি কেলসির জন্য পরিবর্তন করে গেয়েছিলেন—‘কার্মা ইজ দ্য গাই ইন দ্য চিফস, কামিং স্ট্রেট হোম টু মি।‘

এই বাগদান টেইলরের দীর্ঘদিনের ভক্তদের জন্য অনেকটাই বিশেষ। টেইলরের বহু গানই তার প্রাক্তন প্রেমিকের গল্প নিয়ে লেখা, যার মধ্যে রয়েছেন জো অ্যালউইন, ম্যাটি হিলি, টম হিডলস্টন, জো জোনাস, টেইলর লটনার, জেক জিলেনহাল এবং জন মেয়ার।