সাতজন মুক্তিযোদ্ধার গল্প নিয়ে আগামী ৩ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে খিজির হায়াত খান পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’। গত বছরের মাঝামাঝি সিনেমাটি বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। মুক্তির আগে দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ বিকাল ৪টায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভে এ প্রদর্শনী হবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা খিজির হায়াত খান। এ সময় সিনেমার সংশ্লিষ্ট কলাকুশলীরা উপস্থিত থাকবেন। 

এ বিষয়ে কথা বলতে গিয়ে খিজির হায়াত বলেন, ‘আমরা সিনেমাটা আগে মুক্তিযোদ্ধাদের দেখাতে চাই, তাদের আত্মত্যাগের প্রতি সম্মান দেখিয়ে। আগামী ৩ মার্চ আমরা এটা মুক্তি দিতে যাচ্ছি। কিন্তু জটিলতার কারণে এর মুক্তি নিয়ে আশঙ্কা রয়েছে। যদি মুক্তি পিছিয়ে দেয়া হয়, তাহলে দেশের শ্রেষ্ঠ সন্তানদের সিনেমাটা দেখানোর সুযোগ পাব না। তাই আগেই মুক্তিযোদ্ধাদের দেখানোর পরিকল্পনা আমাদের।’

ওরা ৭ জন সিনেমাটির মুক্তি পিছিয়ে যাওয়া কিংবা আশঙ্কার কারণ জানতে চাইলে এ নির্মাতা বলেন, ‘আমাদের দেশে বলিউডের সিনেমা পাঠান মুক্তি পেতে চলেছে, এটা আমরা জানি। তবে কবে মুক্তি পাবে, এটা কিন্তু এখনো নিশ্চিত নয়। সিনেমাটা যদি ২৪ ফেব্রুয়ারি মুক্তি পায়, তাহলে এক সপ্তাহ পর তাদের হলের সংখ্যা বাড়বে। এতে করে আগামী ৩ মার্চ আমরা বেশি হল পাব না। একই সঙ্গে সিনেমাটা যদি ১০ তারিখে আসে, তাহলেও এক সপ্তাহ পর হল থেকে আমার সিনেমা নামিয়ে দেয়া হতে পারে। আমাদের দেশে সিনেমা মুক্তির তারিখ নেয়ার আগে আমরা জানতে পারি কোন সিনেমাগুলো আসতে যাচ্ছে, কিন্তু এখন পাঠান মুক্তির তারিখ না জানায় আমরা মুশকিলে পড়ে গিয়েছি।’

বলিউডের সিনেমা আমদানি নিয়ে বলতে গিয়ে খিজির হায়াত খান  বলেন, ‘‌আমার কথা হচ্ছে হিন্দি সিনেমা আসুক কিন্তু আমাদের জানানো উচিত ছিল। কমপক্ষে ছয় মাস আগে আমাদের জানালে একটা পরিকল্পনার সুযোগ থাকত। এখন আমাদের মধ্যে যাদের আগে থেকে সিনেমা মুক্তির তারিখ নির্ধারিত ছিল, তারা বিপদে পড়েছি।’

সাতজন মুক্তিযোদ্ধা ও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, মম, ইমতিয়াজ বর্ষণ, সাইফ খান, খালিদ মাহবুব তূর্য, শাহরিয়ার ফেরদৌস সজীব, শিবা সানু, তাসনিম তাসফি, জয় রাজ, নাফিস আহমেদ, হামিদুর রহমান। এ সিনেমায় যে সাতজন মুক্তিযোদ্ধাকে দেখানো হবে, তাদের একজনের চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা খিজির হায়াত খান। 

সিনেমাটি নিয়ে খিজির হায়াত খান বলেন, ‘ওরা ৭ জন মুক্তিযোদ্ধাদের গল্প নিয়ে নির্মিত একটি চলচ্চিত্র। আমাদের স্বাধীন বাংলাদেশের প্রথম চলচ্চিত্রের নাম ছিল “ওরা ১১ জন”। যেটা ছিল স্বাধীনতার গল্প নিয়ে নির্মিত। স্বাধীনতার ৫০ বছর পর আমরা চেষ্টা করেছি মুক্তিযুদ্ধ নিয়ে আর একটি চলচ্চিত্র নির্মাণ করতে। যে মানুষগুলো সৈনিক ছিল না, তারা কিছুদিনের ট্রেনিং নিয়ে সুসজ্জিত বাহিনী তৈরি করে গেরিলা যুদ্ধ করে বিজয় নিয়ে এসেছে। তাদের ভাবনা ওরা ৭ জন সিনেমার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।’ মুক্তিযুদ্ধের সময়ে ৫ নম্বর সেক্টর উত্তর সিলেটের সিলেট-তামাবিল রোড থেকে পশ্চিমে ময়মনসিংহ এবং জকিগঞ্জ-করিমগঞ্জ সীমান্ত পর্যন্ত বিস্তৃত ছিল। ওই অঞ্চলের জাফলং, গোয়াইন ঘাট, লালাখালে সিনেমাটির শুটিং হয়েছে বলে জনিয়েছেন নির্মাতা। 

ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের প্রযোজনায় সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খিজির হায়াত খান। তার পরিচালিত প্রথম সিনেমা ‘অস্তিত্বে আমার দেশ’। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে নির্মিত। ২০১০ সালে বাংলাদেশের প্রথম স্পোর্টস-ফিল্ম ‘জাগো’ নির্মাণ করে সাড়া ফেলেন এ নির্মাতা।