গাজা নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘নাজা’। সম্প্রতি ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে চলচ্চত্রটি। নির্মাতা ইউভাল আব্রাহাম ও র‍্যাচেল জর। দুজনই ইসরায়েলি। ভেনিসে পুরস্কার জেতার পর তাদের ওপর খড়্গহস্ত সেই দেশের সংস্কৃতিমন্ত্রী মিকি জোহার। দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল নির্মাতাদের বিরুদ্ধে ‘রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা’র অভিযোগ তুলে তিনি এই দাবী করেন।

তথ্যচিত্রটির নির্মাতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মিকি জোহার বলেন, ‘বিশ্বজুড়ে ইহুদিবিদ্বেষীদের করতালি পাওয়ার জন্য নিজের দেশকে ক্ষতি করতেও তারা প্রস্তুত। রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতার জন্য এই ঘৃণ্য নির্মাতাদের ইসরায়েলি নাগরিকত্ব বাতিলের বিষয়ে আমি অবিলম্বে পদক্ষেপ নেব।’

ইসরায়েল সরকারের আরো কয়েকজন মন্ত্রীও নির্মাতাদের আক্রমণ করেছেন। ইউভাল আব্রাহাম ও র‍্যাচেল জর ২০২৫ সালে ‘নো আদার ল্যান্ড’ সিনেমার জন্য অস্কার জিতেছিলেন। ওই সিনেমায় অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা তুলে ধরা হয়েছিল।

দেশটির কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এক্সে লিখেছেন, ‘আপনারা পুরো ইসরায়েলি জনগণের জন্য লজ্জা ও অপমান। চলে যান এখান থেকে! আমি নিশ্চিত, আপনাদের বন্ধুরা (অর্থাৎ গাজায় থাকা আমাদের শত্রু হামাস) দুই হাত বাড়িয়ে আপনাদের স্বাগত জানাবে।’

সূত্র: ইয়ন