২১ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএফএফ) শুরু হচ্ছে ১৪ জানুয়ারি। এবারের আসরে ১০টি বিভাগে বিশ্বের ৭১টি দেশের মোট ২৫২টি সিনেমা দেখানো হবে বলে জানিয়েছেন আয়োজকরা। আট দিনব্যাপী উৎসবটি চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল জানিয়েছেন আগামী শনিবার বিকাল ৪টায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সভাপতিত্বে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এছাড়া বিশেষ অতিথি থাকবেন সংসদ সদস্য সালমান এফ রহমান।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল ও সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ, স্টার সিনেপ্লেক্সে এ উৎসবের সিনেমাগুলো প্রদর্শন করা হবে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ফাখরুল আরেফীন খান পরিচালিত ‘জেকে ১৯৭১’। ১৪ জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানের পর বিকাল ৫টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে দেখানো হবে সিনেমাটি।

এবারের উৎসবে বাংলাদেশ প্যানারোমায় বিভিন্ন দৈর্ঘ্যের ৮২টি সিনেমা প্রদর্শিত হবে। হাওয়া, বিউটি সার্কাস, দামাল, পাপ পুণ্য, সাঁতাও, দেশান্তরসহ বেশকিছু আলোচিত সিনেমা রয়েছে তালিকায়। ‘ওয়াইড অ্যাঙ্গেল’ বিভাগে ১১টি সিনেমার মধ্যে রয়েছে ‘ওরা ৭ জন’ ও প্রামাণ্যচিত্র ‘দুর্বার গতি পদ্মা’। এছাড়া ‘অপরাজিত’, ‘অভিযান’, ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’, ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’, ‘ঝরা পালক’, সাই পল্লবি অভিনীত ‘গার্গি’ ও ‘মহানন্দা’র মতো সিনেমা বিভিন্ন বিভাগে প্রদর্শিত হবে। ১৫ জানুয়ারি বিকাল ৫টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে প্রদর্শন করা হবে আশিক মোস্তফা পরিচালিত ‘থার্টি-ফাইভ’ এবং সন্ধ্যা ৭টায় সৈয়দ সালাউদ্দিন জাকী পরিচালিত ‘যা হারিয়ে যায়’ সিনেমা দুটি। পরদিন একই স্থানে বিকাল ৫টায় দেখানো হবে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’। জাদুঘরের মূল মিলনায়তনে ১৭ জানুয়ারি সন্ধ্যা ৭টায় ‘বিউটি সার্কাস’, ১৮ জানুয়ারি ‘দামাল’, ১৯ জানুয়ারি ‘পাপ পুণ্য’, ২০ জানুয়ারি সন্ধ্যা ৭টায় দেখানো হবে ‘সাঁতাও’। ২১ জানুয়ারি একই মিলনায়তনে বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টায় দেখা যাবে যথাক্রমে ‘দেশান্তর’ ও ‘মৃত্যুঞ্জয়ী’।

এ চলচ্চিত্র উৎসবে দেশ-বিদেশের সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। বিদেশী অতিথিদের আগমনের বিষয়ে জানতে চাইলে আয়োজকদের পক্ষ থেকে বণিক বার্তাকে জানানো হয়, আশা করি এবারের উৎসবে আগের বারের থেকেও আরো বেশি অতিথি আসবেন। এর মধ্যে রয়েছেন সব্যসাচী চক্রবর্তী ও শ্রীলেখা মিত্র।

এর আগে বণিক বার্তাকে ফাখরুল আরেফীন খান বলেছিলেন, ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা জেকে ১৯৭১ সিনেমা দিয়ে হতে যাচ্ছে এটা আনন্দের ও গর্বের। আমি আশা করছি এ সময়ে আমাদের সঙ্গে থাকবেন সব্যসাচী চক্রবর্তী।’

১৯৭১ সালের ৩ ডিসেম্বর বেলা ১১টা ৫০ মিনিটে ফ্রান্সের প্যারিসের অরলি বিমানবন্দরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি বিমান ছিনতাই করেন জ্যঁ কুয়ে। তার দাবি ছিল, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের জন্য ২০ টন ওষুধ ও চিকিৎসাসামগ্রী ওই বিমানে তুলে দিতে হবে। তাহলেই কেবল মুক্তি পাবে বিমানের সব যাত্রী। এ ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রথম আন্তর্জাতিক সিনেমা ‘জেকে ১৯৭১’। দেশ-বিদেশের অভিনয়শিল্পী নিয়ে ইংরেজি ও ফরাসি ভাষায় নির্মিত হয়েছে সিনেমাটি। জ্যঁ কুয়ে ভূমিকায় অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেতা শুভ্র সৌরভ দাস। পাইলটের ভূমিকায় অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী। এছাড়া আরো রয়েছেন যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড, রুশ অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো, অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি, ইন্দ্রনীল প্রমুখ। জেকে ১৯৭১ সিনেমাটি দেশের বাইরেও একাধিক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। সেই সঙ্গে কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে সিনেমাটি। সম্প্রতি অনুষ্ঠিত ২৮তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (কেআইএফএফ) প্রদর্শিত হয়েছে জেকে ১৯৭১। সেখানেও প্রশংসা কুড়িয়েছে এ সিনেমা।