দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। সেখানে থেকেই মাঝেমধ্যে অভিনয় ও সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন তিনি। এবার নতুন একটি কাজ নিয়ে ফিরছেন এ অভিনেত্রী। যুক্তরাষ্ট্রেই নির্মাণ হতে যাচ্ছে ‘আ বিউটিফুল লাই’। টেলিফিল্ম নাকি সিনেমা, এখনো চূড়ান্ত না হলেও এর গল্প ও নির্মাণের দায়িত্বে থাকছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। এর আগে তার নির্দেশনায় কাজ করলেও যুক্তরাষ্ট্রে নেয়ামুলের সঙ্গে এটাই মৌসুমীর প্রথম কাজ।

গতকাল মৌসুমী জানান, শিগগিরই শুরু হবে আ বিউটিফুল লাইয়ের কাজ। এরই মধ্যে গল্প নিয়ে নির্মাতার সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে। তবে শুটিং শুরুর আগে গল্পটি আরো কিছুটা পরিমার্জনের পরিকল্পনা রয়েছে। তার কথায়, ফোবানাসহ বিভিন্ন ব্যস্ততার কারণে কাজটি শুরু হতে আরো কয়েক দিন সময় লাগছে।

মৌসুমী বলেন, ‘আ বিউটিফুল লাই মূলত একটা রোড ট্রিপের গল্প। গল্পটি থ্রিলারধর্মী। যা কিছু ঘটছে, একটা পুরো মিথ্যার ওপর ঘটছে। কিন্তু তার পরও ভালো লাগছে সে মুহূর্তটাকে। যে কারণে গল্পটার নাম দেয়া হয়েছে আ বিউটিফুল লাই। কিন্তু এটা আসলে টেলিফিল্ম হবে নাকি সিনেমা হবে, সেটা এখনো চূড়ান্ত নয়। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়। তবে আশা করছি, একটা উপভোগ্য গল্প পাবে দর্শক। নেয়ামুল বরাবরই ভালো কাজ করে, নির্মাণে যত্ন নেয়।’

আ বিউটিফুল লাইয়ের মূল চরিত্র ও গল্প মৌসুমীকে কেন্দ্র করেই সাজানো হচ্ছে। ফলে নতুন এ কাজের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে দর্শকের কাছে ভিন্ন এক মৌসুমীর দেখা মিলতে পারে।

সম্প্রতি নিজের অভিনীত সিনেমার ‘সবার জীবনে প্রেম আসে’ গানটি গেয়ে দর্শক মুগ্ধ করেছেন তিনি।