চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ফটোগ্রাফি তথা আলোকচিত্র। কিন্তু চলমান চিত্র দেখে আমরা স্টিল পিকচারের কথা ভুলে যাই। তবে এবার আলিয়ঁস ফ্রঁসেজে চলচ্চিত্রের এ আলোকচিত্র তুলে আনা হচ্ছে। ফজলে রাব্বি মৃধা পরিচালিত গুপি বাঘা প্রডাকশনসের চলচ্চিত্র ‘অ্যান অ্যাপল ট্রি ইনসাইড দ্য হেড’ কেন্দ্র করে হতে যাচ্ছে প্রদর্শনীটি। ১৫-১৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত লা গ্যালারি, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় এটি অনুষ্ঠিত হবে। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে।
অ্যান অ্যাপল ট্রি ইনসাইড দ্য হেড মূলত একটি মুক্তি না পাওয়া চলচ্চিত্রের দৃশ্যায়ন ও আবহকে কেন্দ্র করে আয়োজিত আলোকচিত্রের প্রদর্শনী। চলচ্চিত্রের নির্মাণকালে ধারণ করা আলোকচিত্রের মধ্য থেকে নির্বাচিত আলোকচিত্রগুলোর মাধ্যমে প্রদশনীটি এমন এক গল্পের অংশবিশেষ তুলে ধরে, যা এখনো রুপালি পর্দায় পৌঁছয়নি। পুরো সিনেমাটি সরাসরি তুলে ধরার বদলে এ আলোকচিত্রগুলো দর্শককে এর আবহ, চরিত্র, প্রকৃতি, অঙ্গভঙ্গি ও ক্ষণস্থায়ী মুহূর্তগুলোকে আবিষ্কার করার আহ্বান জানায়, যার মাধ্যমে দর্শক ছবির আলোছায়ায় নিজেদের মতো করে গল্পটি উপলব্ধি করতে পারবে।
আদম-হাওয়ার গল্প এবং তাদের নিষিদ্ধ ফল গ্রহণের ঘটনাটি মানবসভ্যতার জ্ঞান, প্রলোভন ও নিষ্পাপ অবস্থা হারানোর অন্যতম প্রাচীন প্রতীক। অ্যান অ্যাপল ট্রি ইনসাইড দ্য হেড সে প্রাচীন স্মৃতিকে অবলম্বন করে এমন এক রহস্যময় জগতে প্রবেশ করে; যেখানে বিশ্বাস, ভয় ও মানুষের মন একে অন্যের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে যায়।
ফজলে রাব্বি মৃধা রচিত ও পরিচালিত এ চলচ্চিত্র স্বাধীন বাংলাদেশী চলচ্চিত্রের একজন উদীয়মান নির্মাতার স্বতন্ত্র কণ্ঠস্বরকে তুলে ধরে। তিনি বাংলাদেশের একজন তরুণ চলচ্চিত্র নির্মাতা। তার নির্মাণে মনস্তাত্ত্বিক ও মানবিক অভিজ্ঞতার জটিল দিকগুলো একটি স্বতন্ত্র চলচ্চিত্র ভাষার মাধ্যমে উঠে আসে। মৃধার চলচ্চিত্র ‘পায়ের তলায় মাটি নাই’ পঞ্চম নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ফিচার চলচ্চিত্র বিভাগে গৌতম বুদ্ধ পুরস্কার লাভ করে। একই চলচ্চিত্র শ্রীলংকার সপ্তম জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা নবাগত চলচ্চিত্র বিভাগে বিশেষ জুরি সম্মাননা অর্জন করে।










