কিংবদন্তি সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘লোকসংগীতের দেশবরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তিনি ছিলেন আমাদের লালনগীতি, নজরুলসংগীত ও দেশাত্মবোধক গানের এক উজ্জ্বল দীপ্তি। তার কণ্ঠে ছিল বাংলার মাটি, মানুষের আত্মা ও সংস্কৃতির স্পন্দন। তার অনন্য সাধনা ও সুরের ছোঁয়া আমাদের হৃদয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি না ফেরার দেশে পাড়ি জমান ফরিদা পারভীন। আজ রোববার বেলা ১২টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। যোহরের নামাজের পর জানাজা শেষে শিল্পীকে কুষ্টিয়ায় মা–বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে।
ফরিদা পারভীনের অবদান শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সমাদৃত। জাপান, সুইডেন, ডেনমার্ক, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিশ্বের বহু দেশে তিনি লালনসংগীত ছড়িয়ে দিয়েছেন। এ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন একুশে পদক (১৯৮৭), জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৯৩, ‘অন্ধ প্রেম’ সিনেমার ‘নিন্দার কাঁটা’ গানটির জন্য), এবং জাপানের মর্যাদাপূর্ণ ফুকুওয়াকা পুরস্কার (২০০৮)।
লালনগীতি পরিবেশনের জন্য খ্যাত হলেও তার কণ্ঠে অনেক আধুনিক ও দেশাত্মবোধক গানও জনপ্রিয় হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ‘তোমরা ভুলে গেছো মল্লিকাদির নাম’ এবং ‘এই পদ্মা এই মেঘনা’।










