সিনেমাটির প্রচারণার অংশ হিসেবে এর ভারতীয় প্রিমিয়ারে উপস্থিত হবেন নোলান। সঙ্গে থাকবেন টম হল্যান্ড ও ম্যাট ড্যামন। ভারতে বিপুল জনপ্রিয়তা আছে নোলানের। ওডিসি নিয়েও শোরগোল হচ্ছে দেশটিতে। ফলে এ সিনেমার প্রিমিয়ারে নোলান ও হল্যান্ডের উপস্থিতি সিনেমার প্রচারে অন্য মাত্রা দেবে।
ভারতীয় ভক্তদের জন্য এটা সত্যিই সুখবর। ওডিসির নির্মাতারা বৈশ্বিক প্রিমিয়ার সফরের অংশ হিসেবে মুম্বাইকে বেছে নিয়েছে। এটি হবে নোলানের কোনো সিনেমার প্রথম ভারতীয় প্রিমিয়ার। নোলান, ড্যামন ও টমের পাশাপাশি আরো কয়েকজন অভিনেতা যুক্ত হতে পারেন বলে শোনা যাচ্ছে।
ওয়ার্ল্ড প্রিমিয়ার সফরের শহরগুলোর তালিকায় মুম্বাইয়ের সঙ্গে রয়েছে লন্ডন, প্যারিস ও নিউ ইয়র্ক সিটি। ভারতের প্রিমিয়ার অনুষ্ঠিত হবে পিভিআর আইকন আইম্যাক্স, ফিনিক্স প্যালাডিয়ামে। তবে হলিউড তারকাদের সঙ্গে কারা ছবিটি দেখবেন, তা এখনো গোপন রাখা হয়েছে। প্রিমিয়ারের আনুষ্ঠানিক তারিখও এখনো ঘোষণা করা হয়নি।
ভারত সফর প্রসঙ্গে নোলান একবার বলেছিলেন, ‘আমি ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে দেখা করতে এবং ভারত সম্পর্কে আরো জানতে চেয়েছিলাম। আমি ভবিষ্যতে আরো ভারতীয় চলচ্চিত্র দেখতে আগ্রহী। সম্প্রতি আমি পথের পাঁচালী দেখার সুযোগ পেয়েছি, যা এর আগে দেখা হয়নি। আমার মতে, এটি এখন পর্যন্ত নির্মিত সেরা চলচ্চিত্রগুলোর একটি। এটি অসাধারণ একটি সৃষ্টি। আমি ভারতীয় চলচ্চিত্র শিল্প সম্পর্কে আরো জানতে আগ্রহী।’
প্রায় ২৫ কোটি ডলার ব্যয়ে নির্মিত হচ্ছে দি ওডিসি। এটি নোলানের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। আগামী ১৭ জুলাই বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
সিনেমায় ম্যাট ডেমন অভিনয় করেছেন ইথাকার রাজা ওডিসিয়াসের চরিত্রে, যিনি ট্রয় যুদ্ধ শেষে নিজ দেশে ফেরার দীর্ঘ যাত্রায় বের হন। তবে এ যাত্রা মোটেও সহজ নয়। স্ত্রী ও সন্তানকে ফিরে পেতে তাকে নানা দেবতা ও সমুদ্রদানবের মুখোমুখি হতে হয়।
সিনেমায় ওডিসিয়াসের স্ত্রী পেনিলোপের চরিত্রে অভিনয় করেছেন অ্যানা হ্যাথাওয়ে ও ছেলে টেলিম্যাকাসের চরিত্রে রয়েছেন টম হল্যান্ড। এছাড়া সিনেমার অন্যান্য অভিনয়শিল্পীর মধ্যে রয়েছেন রবার্ট প্যাটিনসন, লুপিতা নিয়ং’ও, সামান্থা মর্টন, জেন্ডেয়া ও চার্লি থেরন।
সূত্র: ইয়ন










