বলিউড সিনেমা ‘ককটেল টু’-এ অভিনয়ের জন্য শহীদ কাপুর, কৃতি স্যানন ও রাশমিকা মান্দানার নেয়া পারিশ্রমিকের অঙ্ক প্রকাশ্যে এসেছে। জানা গেছে, দুই নায়িকার সম্মিলিত পারিশ্রমিকের চেয়েও বেশি অর্থ পাচ্ছেন শহীদ কাপুর।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটির তিন তারকা মোট ৩৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ২১ কোটি রুপি পেয়েছেন শহীদ কাপুর। অন্যদিকে কৃতি স্যাননের পারিশ্রমিক ৮ কোটি ও রাশমিকা মান্দানার ৬ কোটি রুপি।

একটি সূত্রের ভাষ্য, থিয়েটারে মুক্তির জন্য নির্মিত কোনো চলচ্চিত্রে এ তিন তারকার ক্যারিয়ারের সবচেয়ে বড় পারিশ্রমিক এটি। এর আগে ব্লাডি ড্যাডি, ফারজি ও ফারজি টু-এর জন্য এর চেয়েও বেশি পারিশ্রমিক নিয়েছিলেন শহীদ, তবে সেগুলো ছিল ওটিটি কনটেন্ট।

প্রতিবেদন অনুযায়ী, ‘ককটেল টু’ নির্মাণে ব্যয় হয়েছে ১৫০ কোটি রুপি। এর মধ্যে অভিনয়শিল্পীদের পারিশ্রমিক বাবদ ৩৫ কোটি রুপি এবং প্রচার ও বিপণন খাতে ২০ কোটি রুপি ব্যয় হয়েছে।

বাকি ৯৫ কোটি রুপি ব্যয় হয়েছে ছবির নির্মাণ ও অন্যান্য সহশিল্পীদের পারিশ্রমিকে।

১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ককটেল টু’-এর। সিনেমাটি পরিচালনা করেছেন হোমি আদাজানিয়া।

২০১২ সালে মুক্তি পেয়েছিল রোমান্টিক-কমেডিধর্মী ‘ককটেল’। বক্স অফিস সফল সেই সিনেমায় অভিনয় করেছেন সাইফ আলী খান, দীপিকা পাড়ুকোন ও ডায়ানা পেন্টি। এটিও পরিচালনা করেন হোমি আদাজানিয়া। সিনেমাটির গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়।

‘ককটেল টু’ মূল চলচ্চিত্রের সরাসরি সিক্যুয়েল নয় বলে জানা গেছে। একই ফ্র্যাঞ্চাইজির অধীনে নির্মিত হলেও গল্প, চরিত্র ও অভিনয়শিল্পী সম্পূর্ণ ভিন্ন।