গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার নির্মিত সিনেমাগুলো দেশের সিনেমা ছাড়িয়ে আন্তর্জাতিক মহলেও পেয়েছে সমাদর। বেশ কয়েক বছর নতুন চলচ্চিত্র নির্মাণ থেকে দূরে ছিলেন তিনি। তবে বর্তমানে ফারুকী ব্যস্ত আছেন তার আসন্ন ওয়েব ফিল্ম ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ নিয়ে। ওটিটি প্লাটফর্ম চরকির জন্য নির্মিত ওয়েব ফিল্মটি পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন তিনি। সিনেমায় ফারুকীর সঙ্গে দেখা যাবে নুসরাত ইমরোজ তিশাকে। সম্প্রতি মুক্তি পেয়েছে চরকি অরিজিনাল সিনেমা ‘অটোবায়োগ্রাফি’র প্রথম গান ‘জোছনার ফুল’-এর কিছু অংশ। ফারুকী ও তিশার কন্যা ইলহাম নুসরাত ফারুকীকে এই প্রথম কোনো অফিশিয়াল মিউজিক ভিডিওতে দেখা গেছে এ গানের মাধ্যমে।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি শেয়ার করে মোস্তফা সরয়ার ফারুকী তার অনুভূতির কথা ভাগ করে নিয়েছেন। তিশাও সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির ভিডিও শেয়ার করেছেন। নিজের সিনেমায় মেয়েকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা জানতে চাইলে মোস্তফা সরয়ার ফারুকী বণিক বার্তাকে বলেন, ‘ইলহামের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। সে আমার সঙ্গে কাজ করছে, কিন্তু আমার মনে হয়নি যে ও কাজ করছে। আমার নিজেরও একবারের জন্য মনে হয়নি, আমি কাজ করছি। আমি ইলহামের বেড়ে ওঠাটা কেবল অনুসরণ করছিলাম আমার ক্যামেরায়। আর ইলহামের কাছে এটা স্বাভাবিক ব্যাপার ছিল, কারণ ও তো পারফর্ম করেনি। স্বাভাবিক যেমন থাকে সারা দিন তেমনটাই ছিল। আবার কিছু ফুটেজ আছে, যেখানে ইলহাম পারফর্ম করেছে, যেখানে আমরা প্রফেশনাল ক্যামেরা দিয়ে শুটিং করেছি। যেমন একটা সিন ছিল, যেখানে ইলহাম সানগ্লাস পরছে নিজে। আসলে বলতে গেলে আমরা ওর বেড়ে ওঠার মুহূর্ত তুলে ধরছিলাম। ওর বেড়ে ওঠার বিভিন্ন বিষয় আছে এ সিনেমায়। সব মিলিয়ে এটা আমার আর তিশা দুজনের জন্যই দুর্দান্ত।’
জোছনার ফুল গানটি গেয়েছেন ও লিখেছেন শারমিন সুলতানা সুমি। গানের সুর করেছেন শারমিন সুলতানা সুমি ও পাভেল আরিন এবং সংগীতায়োজনে ছিলেন পাভেল আরিন। ২ মিনিট ২৬ সেকেন্ডের গানের ভিডিওটি ক্যামেরায় ধারণ করেছেন পরিচালক ফারুকী ও ইবনে নূর রাকিব। গানটি প্রসঙ্গে জানতে চাইলে তিশা বলেন, ‘এ গানের প্রতিটা লাইনই আমার অনুভূতির কথা বলেছে। এটা নিয়ে আলাদা করে বর্ণনা দেয়ার বা বলার কিছু নেই। এ গানের কথাগুলো একটা চিঠি। জোছনার ফুল ইলহামের জন্য লেখা আমার চিঠি। বৃহৎ অর্থে এটা সব কন্যার জন্যই তার মায়ের চিঠি।’
সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফিতে ফারুকী-তিশার সঙ্গে আরো দেখা যাবে ইরেশ যাকের, শরাফ আহমেদ জীবন ও ডলি জহুরকে।










