ঢাকা-১৮ আসনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। উত্তরার মাইলস্টোন কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে বেরিয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘খুব সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। ভোটারের সমাগম খুবই ভালো। শুরুতে মোবাইল নিয়ে প্রবেশ করা নিয়ে একটি দ্বিধা তৈরি হয়েছিল। আমি কেন্দ্রের ভেতরে পর্যন্ত মোবাইল নিয়েছি, কেউ কিছুই বলেনি। সবাই তার প্রয়োজনীয় জিনিস নিয়ে যেতে পারছে। তবে ভেতরে ভিডিও করার অনুমতি নেই। লাইন অনেক লম্বা থাকার পরও মাত্র পাঁচ মিনিট লেগেছে আমার ভোট দিতে। ভেতরে সবকিছুই সুশৃঙ্খল।’
কেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘কেন্দ্রে কেউ কোনো প্রভাব বিস্তারের চেষ্টা করছে না। আপনি যখন নিজের ভোটটি দিতে যাবেন, তখন অন্য কেউ আপনার ভোট দিতে পারবে না। নিজের দেশের মালিকানা নিজে বুঝে নেয়া এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারেনা।’
ভোটারের উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘এবার বিপুল পরিমাণ মানুষ ভোট দিতে এসেছে। মানুষের মধ্যে ভোট কেন্দ্র নিয়ে কোনো ভয় কাজ করছে না। আমার আত্মীয়-স্বজন যারা এর আগে ভোট দিতে এত আগ্রহী ছিল না, এবার তারাও উৎসবের মতো ভাবছে পুরো বিষয়টিকে।’
সবশেষে দেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে সবাইকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।














