অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিমের ব্যস্ততার কোনো শেষ নেই। সারাক্ষণই যেন কোনো-না কোনো কাজে ব্যস্ত সময় পার করেন তিনি। গতকাল দুপুরেও এর ব্যত্যয় ঘটেনি। তবে এতকিছুর মধ্য থেকেও খানিকটা সময় বের করে এ অভিনেত্রী টকিজের সঙ্গে আড্ডায় মেতে উঠেছিলেন।

গল্পকথায় মিম জানালেন সম্প্রতি তিনি অভিনয় করেছেন নির্মাতা রায়হান রাফির পরিচালনায় পরাণ ছবিতে। ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। কিছুদিন আগে ছবিটির একটি টিজারও প্রকাশ পেয়েছে, যা এরই মধ্যে দর্শকের নজর কেড়েছে। এ অভিনেত্রীর সঙ্গে আলাপের শুরুটাই হয় পরাণ ছবি নিয়ে। তার অভিনীত নতুন এ ছবি সম্পর্কে জানতে চাওয়া হয় নানা কিছু। ছবিটির মুক্তি প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, ‘ছবিটির কাজ এখনো শেষ হয়নি।’ শুটিং শেষ হলেও শেষ হয়নি ডাবিং। অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হলেই সেন্সরে যাবে পরাণ। তারপরই মূলত ছবিটির মুক্তি, জানান মিম।

পরাণ রোমান্টিক ঘরানার ছবি। এর আগেও এ অভিনেত্রী একাধিক চলচ্চিত্রে ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করে দর্শকদের মনে স্থান করে নেন। পরাণ ছবিতে তার চরিত্র সম্পর্কে জানতে চাওয়া হয়। এ ছবিতে নাকি খুব সাধারণ একজন মেয়ের চরিত্রে তাকে দেখতে পাবেন দর্শকরা। চরিত্র নিয়ে খুব বেশি কিছু বলতে চান না মিম। তারপরও অল্প কথায় বুঝিয়ে দিলেন ছবিতে তার চরিত্র সম্পর্কে। মিম বলেন, ‘পরাণ-এ অনন্যা নামে মফস্বল শহরের একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। এ ধরনের চরিত্র আমরা চারপাশে প্রায়ই দেখতে পাই।’ নিজের চরিত্রটি ফুটিয়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করেছেন বলেও জানালেন মিম।

ছবিটি নিয়ে প্রত্যাশাও নেহাত কম নয় এ অভিনেত্রীর। পরাণ ছবিটিকে তার ক্যারিয়ারের অন্যতম একটি ছবি বলে মনে করেন তিনি। এ ছবিতে তার বিপরীতে দেখা যাবে এ সময়ের নতুন মুখ ইয়াশ রোহান ও রাজকে।

এ ছবির প্রসঙ্গে ইতি টানতেই শুরু হয়ে যায় ইত্তেফাক-এর গল্প। ইত্তেফাক এ অভিনেত্রীর আরেকটি নতুন ছবি। পরাণ ছবির পর অন্য কোনো নতুন ছবিতে অভিনয় করার বিষয়টি সামনে আসতেই মূলত ইত্তেফাক ছবির প্রসঙ্গটি চলে আসে। ছবিটির কাজ কতদূর? জানতে চাইলে মিম বলেন, ‘ছবির কাজ প্রায় অর্ধেক হয়ে গেছে। বাকি কাজ শিগগিরই শুরু হবে।’

যথারীতি আগের প্রসঙ্গগুলোর জের ধরে নতুন এ ছবির গল্প ও তার চরিত্র নিয়ে জানতে চাওয়া হয় এ অভিনেত্রীর কাছে। জানান, ইত্তেফাক একটি থ্রিলারধর্মী ছবি। তবে থ্রিলারের সঙ্গে রোমাঞ্চেরও দেখা মিলবে এ ছবিতে। তাই ছবিটিকে একেবারে থ্রিলারধর্মী বলতে নারাজ মিম। এ ছবিতেও তাকে সিলেটের একজন সাধারণ মেয়ের চরিত্রে দেখা যাবে বলেও জানালেন।

নতুন এ ছবিতে মিমের বিপরীতে অভিনয় করছেন অভিনেতা সিয়াম আহমেদ। মূলত এ ছবির মধ্য দিয়েই প্রথমবারের মতো জুটিবদ্ধ হন মিম-সিয়াম। সহশিল্পী হিসেবে সিয়ামের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ বলে জানালেন আমার আছে জলখ্যাত এ অভিনেত্রী।

ছবিতে অভিনয়ের আগে মিম ছোট পর্দায় বেশ সরব ছিলেন। অভিনয় করেছেন একাধিক নাটক ও টেলিফিল্মে। সিনেমার প্রসঙ্গ শেষে নাটকে অভিনয় নিয়ে জানতে চাইলে সম্প্রতি তিনি কোনো নাটকে কাজ করেননি বলে সাফ জানিয়ে দিয়েছেন। তবে নাটকে কাজ না করলেও নিয়মিত বিজ্ঞাপনের কাজ করছেন। দ্রুতই তাকে নতুন একটি বিজ্ঞাপনে দেখা যাবে বলেও জানালেন এ অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি অনেকেরই অনেক রকমের ভালোলাগা ও পছন্দের বিষয় থাকে। এ অভিনেত্রীর ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটেনি। স্টেজে পারফর্ম করতে ভালোবাসেন মিম। তার কারণ হিসেবে সরাসরি দর্শকদের সাড়া এবং ভালোবাসা পাওয়ার কথা উল্লেখ করলেন তিনি।

বিদ্যা সিনহা মিমকে সর্বশেষ গোলাম সোহরাব দোদুল পরিচালিত সাপলুডু ছবিতে দেখা গেছে। প্রখ্যাত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ পরিচালিত আমার আছে জল ছবির মাধ্যমে বড় পর্দায় পা রাখেন মিম। এর পর থেকে নিয়মিত অভিনয় করছেন চলচ্চিত্রে।