কভিড-১৯ মহামারীর কারণে দুই বছর পর আবার শুরু হলো সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। বিউটি উইথ পারপাস-এ ভাবনাকে তুলে ধরা ও মানুষের কল্যাণে কাজ করার চিন্তা থেকেই যাত্রা করে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। গতকাল এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন হয়েছে।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২২’-এর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অফিশিয়াল ফ্র্যাঞ্চাইজি ওমিকন এন্টারটেইনমেন্ট ও অর্গানাইজিং পার্টনার এশিয়াটিকের প্রতিনিধিরা। এবারের আয়োজনে বিচারকের দায়িত্ব পালন করবেন অভিনেত্রী সারা যাকের ও মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। সারা যাকের দেশের বাইরে থাকায় সংবাদ সম্মেলনে উপস্থিত হতে পারেননি। সাবেক দুই ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম ও জান্নাতুল ফেরদৌস ঐশীও সম্মেলনে উপস্থিত ছিলেন। মেহেদী হাসান আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা শুরুর ঘোষণা দেন। এ বছরের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২২ প্রতিযোগিতার বিজয়ী ২০২৩ সালে অনুষ্ঠেয় গ্লোবাল স্টেজে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।

এ সময়ে মৌ বলেন, ‘আমি খুব সম্মানিত বোধ করছি, এমন একটি আয়োজনে বিচারক হতে পেরে। বিউটি উইথ পারপাস স্লোগানটাও অনেক ভালো। তাই বলতে চাই, এগিয়ে যাও নারী। তোমরা অবশ্যই পারবে। আমি বিশ্বাস করি শুধু বিউটি নয়, আমাদের আরো অনেক কিছু করার আছে পৃথিবীতে।’

আয়োজক প্রতিষ্ঠান ওমিকন এন্টারটেইনমেন্ট ও ওমিকন গ্রুপের চেয়ারম্যান মেহেদী হাসানের মতে, ‘‌মিস ওয়ার্ল্ড বাংলাদেশ কোনো মডেল খোঁজে না। এ প্রতিযোগিতার মাধ্যমে আমরা রোল মডেল খুঁজি।’

এশিয়াটিক থ্রি সিক্সটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইরেশ যাকের বলেন, ‘শুধু সৌন্দর্যের প্রতিযোগিতা করতে চাই না আমরা। কারণ পৃথিবী এখন সেখান থেকে সরে এসেছে। শুধু সমাজ, দর্শন নয় বিনোদনের উদ্দেশ্যেও আমরা এ প্রতিযোগিতার আয়োজন করছি। বিনোদনটা যেন রুচিশীল হয়।’

এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নেভিল ফেরদৌস হাসান বলেছেন, ‘বাংলাদেশের পতাকা আন্তর্জাতিক পর্যায়ে বহন করতে পারবে, এমন একজন মানুষের খোঁজে আমরা। যে কেবল সৌন্দর্য নয়, গুণের মাধ্যমে বিশ্বকে পরিবর্তন করতে পারবেন। এখনকার তরুণরা বিশ্ব পরিবর্তনে ভূমিকা রাখছে। আমাদের উদ্দেশ্য এমন একটা প্লাটফর্ম দেয়া, যার মধ্য দিয়ে একজনের ভেতর ইতিবাচক পরিবর্তন আসবে।’

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭-এর মুকুটধারী জেসিয়া ইসলাম এ আয়োজনে উপস্থিত হয়ে বলেন, আমি প্রথম মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয়েছিলাম। সত্যি বলতে এটা একজনের জীবনে ব্যাপক পরিবর্তন নিয়ে আসে।

২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের খেতাব জেতার পর ঐশী মিস ওয়ার্ল্ডের মূল আয়োজনের সেরা ৩০-এ জায়গা করে নিয়েছিলেন। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার জন্য মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খুব স্পেশাল কারণ এটা আমার পরিচয়। এখন পর্দায় কাজ করলেও আমি মনে করি এ পরিচয়ের মাধ্যমে দেশকে আরো বেশি উপস্থাপন করতে পারি বিশ্বদরবারে। আমার যাত্রাটা কঠিন ছিল, তবে এর মাধ্যমে আমি জীবনের সেরা অভিজ্ঞতা অর্জন করেছি।’

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২২-এর এবারের আসরের নিবন্ধন শুরু হয়েছে।

আগ্রহী প্রার্থীরা আয়োজনটির ফেসবুক পেজ কিংবা অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ২৫ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।