ছোট পর্দার অন্যতম ব্যস্ত অভিনেত্রী কেয়া পায়েল। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে পেয়েছেন দর্শকদের ভালোবাসা। ‘এটা আমাদেরই গল্প’ নাটকের মেহেরীন চরিত্রের মধ্য দিয়ে দর্শক মহলে বিশেষ পরিচিতি পান। ব্যস্ততার মধ্যেও অভিনয়ে নতুনত্ব আনার চেষ্টা করছেন তিনি। মেহেরীন চরিত্র নিয়ে কেয়া পায়েল বলেন, ‘মেহেরীন চরিত্রটি দর্শক আপন করে নিয়েছে, আমি মেহেরীন হয়েই দর্শকদের মাঝে বেঁচে থাকতে চাই। মানুষ এখনো আমাকে মেহেরীন নামে চেনে, ডাকে এবং ভালোবাসে—এতেই আমি ভীষণ খুশি। কিছু চরিত্র এভাবেই স্মরণে থেকে যাওয়া ভালো।’
বর্তমানে নাটকের কাজ নিয়েই বেশ ব্যস্ত সময় পার করছেন কেয়া পায়েল। মাসের অধিকাংশ সময় শুটিংয়েই কাটে তার। নিজের ব্যস্ততা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মাসের ২০ দিন শুটিং করি এবং কাজে অত্যন্ত ব্যস্ত থাকি।’
অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও মাঝেমধ্যে আলোচনা হয়। বিশেষ করে নিজের বিয়ে নিয়ে আলোচনা প্রসঙ্গে অভিনেত্রী জানান, কোনো গোপনীয়তা নয়, বরং সবাইকে জানিয়ে ও দাওয়াত দিয়েই তিনি বিয়ের পিঁড়িতে বসবেন।
নাটকে প্রতিনিয়ত নতুন নতুন চরিত্রে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন কেয়া পায়েল। একই ধরনের চরিত্রে আটকে না থেকে ভিন্ন গল্প ও চরিত্রে নিজেকে উপস্থাপন করতে আগ্রহী তিনি। সিনেমায় অভিনয় প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, ‘সম্প্রতি একটি ওয়েব ফিল্মের কাজ শেষ করেছি। আপাতত সেটি মুক্তির অপেক্ষায় আছি। ওয়েব ফিল্মটি দেখে দর্শক প্রতিক্রিয়া কেমন হয়, তা দেখেই পরবর্তীতে সিনেমা নিয়ে ভাবনাচিন্তা করব।’
অভিনয়জীবনে নানা আলোচনা ও সমালোচনা থাকলেও সেসবকে পাশ কাটিয়ে নিজের কাজেই মনোযোগী থাকতে চান কেয়া পায়েল। নতুন নতুন গল্পে বৈচিত্র্যময় চরিত্র নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়াই এখন তার মূল লক্ষ্য। কাজের ব্যস্ততার মধ্যেও অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালোবাসা ধরে রাখার দিকেই গুরুত্ব দিচ্ছেন এ অভিনেত্রী।










