মাতৃত্বকালীন ছুটির কারণে লম্বা সময় অভিনয়ে অনুপস্থিত ছিলেন নুসরাত ইমরোজ তিশা। কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন, বিজ্ঞাপনের মধ্য দিয়ে পর্দায় ফিরতে চলেছেন। নতুন খবর হলো আগামী ৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তিশার আসন্ন সিনেমা ‘বীরকন্যা প্রীতিলতা’।

ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের ওপর কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’ নির্মাণ করেছেন প্রদীপ ঘোষ। এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। তার বিপরীতে বিপ্লবী রামকৃষ্ণের চরিত্রে রয়েছেন মনোজ প্রামাণিক।

‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমাটির প্রচারণায় ব্যস্ত রয়েছেন তিশা। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে সন্ধ্যা ৬টায় প্রচারণায় যাবেন তিশা ও মনোজ প্রামাণিক। মঙ্গলবার রাজধানীর বনানীর ইউনিভার্সিটি অব স্কলার্সে নুসরাত ইমরোজ তিশাসহ সিনেমার অন্য কলাকুশলীরা হাজির হয়েছিলেন। প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতিবিজড়িত চট্টগ্রামের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সিনেমাটির প্রচার কার্যক্রম শুরু হয়েছিল গত নভেম্বরে। এরপর ইডেন মহিলা কলেজেও প্রচারণা চালান এর কলাকুশলীরা।

সিনেমাটির মুক্তি নিয়ে নির্মাতা প্রদীপ ঘোষ বলেন, ‘আজ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলেই প্রচারণা চালাব। আমরা সিনেমার প্রচারণায় বেশ জোর দেব এখন। আগামী ৩ ফেব্রুয়ারি বীরকন্যা প্রীতিলতা প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে। আমাদের জাতীয় মুক্তিসংগ্রামের একটি অধ্যায় ভাষা আন্দোলন। প্রীতিলতার যে লড়াই সেটাও মুক্তিসংগ্রামের অংশ। এ কারণে সিনেমাটি আগামী ফেব্রুয়ারিতে মুক্তি পেতে যাচ্ছে।’

উদ্বোধনী শোর বিষয়ে তিনি বলেন, ‘‌সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার আগে আমরা উদ্বোধনী শো করতে যাচ্ছি ভাষার মাসের প্রথম দিন। প্রিমিয়ার শোতে বিশেষ অতিথি থাকবেন তথ্যমন্ত্রী।’

ব্রিটিশবিরোধী আন্দোলনে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের অবদান আজও স্মরণ করা হয় শ্রদ্ধা নিয়ে। তিনি একজন ভারতীয় জাতীয়তাবাদী বিপ্লবী ছিলেন। সারা ভারতের স্বাধীনতার স্বপ্নকে আন্দোলিত করেছিল চট্টগ্রামের যুববিদ্রোহ। মাস্টার দা সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রামের বিপ্লবে অংশ নিয়েছিলেন প্রীতিলতা। ওয়াদ্দেদার ব্রিটিশ প্রমোদ কেন্দ্র ইউরোপিয়ান ক্লাবে সফলভাবে হামলা করেন এবং দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেন।

এর আগে, গত ২৫ নভেম্বর মুক্তির দিন নির্ধারণ থাকলেও শেষ মুহূর্তে কিছু কারিগরি সংকট দেখা দেয়ায় সিনেমাটির মুক্তি পিছিয়ে যায়। অবশেষে সরকারি অনুদানের এ সিনেমা আগামী মাসে মুক্তি পেতে যাচ্ছে।