গত মঙ্গলবার রাতে ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হলো ফ্লোরিন জিলার পরিচালিত ‘বাঙ্কার’। অভিনয় করেছেন অভিনেতা জুটি হাভিয়ের বারদেম-পেনেলোপি ক্রুজ। সঙ্গে আছেন প্যাট্রিক শোয়ার্জনেগার ও পল ডানো। ভেনিস চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রদর্শকের পর সাড়ে ১৫ মিনিট টানা স্ট্যান্ডিং ওভেশন (দাঁড়িয়ে অভ্যর্থনা) পেয়েছে। এ সময় স্বামী হাভিয়ের বারদেমকে চুমু খেতে গিয়ে পেনেলোপি ক্রুজ আবেগে ফুঁপিয়ে ওঠেন।

এ অভ্যর্থনার পর ভেনিসের ইতিহাসে এখন পর্যন্ত অন্যতম দীর্ঘ অভ্যর্থনার রেকর্ড গড়ল বাঙ্কার। তবে সাম্প্রতিক সময়ের দীর্ঘতম স্ট্যান্ডিং ওভেশনের একটি রেকর্ড থেকে অল্পের জন্য পিছিয়ে রয়েছে ছবিটি। ২০২৪ সালে পেদ্রো আলমোদোভারের দ্য রুম নেক্সট ডোর প্রিমিয়ারে দর্শক টানা ১৭ মিনিট করতালি দিয়েছিলেন।

দর্শকের করতালি ১০ মিনিট পেরিয়ে যাওয়ার পর ক্রুজ ঠোঁট নেড়ে নিঃশব্দে ‘ধন্যবাদ!’ উচ্চারণ করেন। একপর্যায়ে পেছনে দাঁড়িয়ে থাকা এক উচ্ছ্বসিত দর্শকের সঙ্গে হাতও মেলান তিনি। শেষ পর্যন্ত যখন পুরো দলটি হল থেকে বেরিয়ে আসছিল, তখন পালাজ্জো দেল সিনেমা থেকে বের হওয়ার পথেও ক্রুজ থেমে দর্শকদের উদ্দেশে ‘চাও!’ বলে তাদের প্রশংসা গ্রহণ করেন।

বাঙ্কারে বারদেম ও ক্রুজ বিবাহিত দম্পতির চরিত্রে অভিনয় করেছেন। লন্ডনের যে বাড়িতে তারা সন্তানদের নিয়ে থাকেন, সেখানেই পেশাগত ও ব্যক্তিগত নানা সংকটের মধ্য দিয়ে তাদের সম্পর্কের গল্প এগিয়ে যায়।

প্রদর্শনী শুরু হওয়ার আগে লাল রঙের আকর্ষণীয় পোশাকে রেড কার্পেটে উপস্থিত হয়ে পেনেলোপি ক্রুজ ভক্তদের দেয়া ফুল গ্রহণ করেন এবং তাদের সঙ্গে সেলফিও তোলেন। তারকাবহুল অভিনয়শিল্পী ও জিলারের নির্মাণশৈলীর কারণে বাঙ্কার এ বছরের শরৎকালীন উৎসব পর্বে মুক্তির অপেক্ষায় থাকা অন্যতম আলোচিত আন্তর্জাতিক সিনেমা।

সিনেমাটির মাধ্যমে ভেনিসে আবারো ফিরেছেন জিলার। ২০২২ সালে তার দ্য সান গোল্ডেন লায়নের জন্য প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছিল। সিনেমায় আসার আগে জিলার ছিলেন প্রশংসিত নাট্যকার। দ্য ফাদার সিনেমা দিয়ে চলচ্চিত্র নির্মাণে সফল অভিষেক ঘটে তার। সিনেমাটিতে অভিনয়ের জন্য অ্যান্থনি হপকিন্স সেরা অভিনেতার অস্কার জেতেন এবং জিলার ও ক্রিস্টোফার হ্যাম্পটন যৌথভাবে সেরা অভিযোজিত চিত্রনাট্যের পুরস্কার পান।

এদিকে বাঙ্কারকে এখন পর্যন্ত জিলারের সবচেয়ে ব্যক্তিগত এবং একই সঙ্গে সবচেয়ে বিস্তৃত কাজ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সূত্র ও ছবি: দি হলিউড রিপোর্টার