অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত শানু স্বাগতা। অভিনয়ের পাশাপাশি সংগীতেও নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি। দীর্ঘদিন ধরে শোবিজে কাজ করে আসছেন এ শিল্পী। বিভিন্ন সময় নিজের কাজ ও ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় এসেছেন তিনি। এবার আগামীর সময়ের সেলিব্রেটি টক শো ‘স্টার স্টোরিজ’-এর দ্বিতীয় পর্বে অতিথি হয়েছেন স্বাগতা। কথা বলেছেন শোবিজ ইন্ডাস্ট্রির স্বজনপ্রীতি, গ্রুপিং ও সিন্ডিকেট নিয়ে। পান্থ আফজালের উপস্থাপনায় আলাপচারিতায় শোবিজে কাজের অভিজ্ঞতা থেকে শুরু করে ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে কথা বলেন স্বাগতা। আলোচনায় উঠে আসে সম্পর্ক, ভালোবাসা, বিয়ে, মিডিয়া পলিটিকস ও বিভিন্ন গুঞ্জনের প্রসঙ্গও।
শোবিজ ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি নিয়ে স্বাগতা বলেন, ‘ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, পলিটিকস, গ্রুপিং, সিন্ডিকেট ও লবিং অনেক বেশি। এসবের কারণে যোগ্য মানুষগুলো কাজ পায় না। এমনকি আমাকেও ভালো করা সত্ত্বেও বাদ দেয়া হয়েছে। ফলে আমার মতো ইন্ডাস্ট্রির অনেকেই হতাশ হয়ে কাজ ছেড়ে দিয়েছেন।’
আলাপচারিতায় সমসাময়িক নানা বিষয় নিয়ে নিজের দর্শন ও ভাবনা তুলে ধরেছেন স্বাগতা। ‘স্টার স্টোরিজ’-এর দ্বিতীয় পর্ব প্রচারিত হবে আজ রাত ৮টায়। আগামীর সময় এন্টারটেইনমেন্টের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি দেখা যাবে।










