জাহ্নবী কাপুর ও রাম চরণ অভিনীত বহুল চর্চিত চলচ্চিত্র ‘পেড্ডি’কে ঘিরে সাম্প্রতিক বিতর্ক নতুন মোড় নিয়েছে। সিনেমাটিতে বলিউড নায়িকাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। অনেক দর্শকের অভিযোগ, চরিত্রের চেয়ে অভিনেত্রীর শরীরী আবেদনকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।

বিতর্কের মুখে ছবির পরিচালক সামাজিক মাধ্যমে ক্ষমা চেয়ে জানান, নারীদের অসম্মান করা তার উদ্দেশ্য ছিল না। তবে এর মধ্যেই ভাইরাল হয়েছে জাহ্নবী কাপুরের ‘কথিত’ একটি ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট, যেখানে তিনি নিজেও ছবিতে নিজের উপস্থাপন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বলে দাবি করা হচ্ছে।

ভাইরাল হওয়া চ্যাট অনুযায়ী, জাহ্নবী নাকি বারবার অনুরোধ করেছিলেন যাতে ক্যামেরায় তার শরীরের বিশেষ কোনো অংশকে আলাদাভাবে গুরুত্ব না দেয়া হয়। এমনকি সহ-অভিনেতা রাম চরণও তার উদ্বেগের সঙ্গে একমত ছিলেন বলে দাবি করা হয়েছে। তবে শেষ পর্যন্ত সেই আপত্তি বিবেচনায় নেয়া হয়নি বলেই অভিযোগ।

চ্যাটে আরো দাবি করা হয়েছে, ছবিতে চরিত্রের গভীরতার চেয়ে শরীর প্রদর্শনকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যা নিয়ে হতাশ ছিলেন অভিনেত্রী। দক্ষিণী চলচ্চিত্রে ভবিষ্যতে কাজ করার বিষয়েও তিনি সতর্ক অবস্থান নেয়ার ইঙ্গিত দিয়েছেন বলে স্ক্রিনশটগুলোয় দেখা যায়।

বিতর্কের মধ্যে আরেক অভিনেত্রী কায়রা আদভানির প্রসঙ্গও সামনে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই স্মরণ করিয়ে দিচ্ছেন, তার অভিনীত ‘গেম চেঞ্জার’ ছবিতেও কিছু দৃশ্যের উপস্থাপন নিয়ে সমালোচনা হয়েছিল। ভাইরাল চ্যাটে জাহ্নবী নাকি এ প্রসঙ্গ টেনে দক্ষিণী মূলধারার কিছু ছবিতে নারী চরিত্রের উপস্থাপন নিয়ে আক্ষেপ করেছেন।

সবচেয়ে আলোচিত অংশটি হলো তার মা, প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীকে নিয়ে মন্তব্য। কথিত চ্যাটে এক ভক্তের প্রশ্নের উত্তরে জাহ্নবী বলেন, তার মা সেটে উপস্থিত থাকলে এমন পরিস্থিতি তৈরি হওয়ার সুযোগ হয়তো আসত না। এ সময় তিনি অভিনেত্রী শ্রীলালার উদাহরণ টেনে বলেন, তার মাও প্রায়ই শুটিং সেটে সঙ্গে থাকেন।

তবে উল্লেখযোগ্য বিষয় হলো, ভাইরাল হওয়া এই চ্যাটের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। জাহ্নবী কাপুর বা তার টিমও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। ফলে চ্যাটে উত্থাপিত দাবিগুলোর সত্যতা এখনো নিশ্চিত নয়।