দেশের ব্যস্ত অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। অভিনয়ের সঙ্গে এবার পেলেন নতুন দায়িত্ব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্ব পেয়েছেন জ্যোতিকা জ্যোতি। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যাতে জ্যোতির নতুন এ যাত্রার বিষয়টি নিশ্চিত করা হয়। আগামী দুই বছরের জন্য চুক্তিতে পরিচালক পদে দায়িত্ব দেয়া হয়েছে জ্যোতিকে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি (কর্মকর্তা ও কর্মচারী) প্রবিধানমালা, ১৯৯২-এর বিধি-৩ (ঘ) অনুযায়ী অভিনয়শিল্পী ও সংস্কৃতিমনষ্ক ব্যক্তি জ্যোতিকা পাল জ্যোতিকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।
নতুন এ যাত্রার বিষয় নিয়ে জানতে চাইলে জ্যোতিকা জ্যোতি বলেন, ‘এটা অনেক বড় রকমের দায়িত্ব। আমি সঠিকভাবে নিজের দায়িত্ব পালনের পর আরো নতুন কিছু করার চেষ্ট করব। যেহেতু বাংলাদেশ শিল্পকলা একাডেমি ক্রিয়েটিভ বিষয় নিয়ে কাজ করে আর আমার যেমন বিনোদন নিয়ে থাকতে ভালো লাগে, তাই আমি মনে করি, আমি ভালোভাবে নিজের দায়িত্ব পালন করতে পারব। অনেকেই আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন, তাদের সবার প্রত্যাশা আছে আমার কাছে। আমি চেষ্টা করব দায়িত্ব গ্রহণের পর নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করার। এ বিষয়টা নিয়ে আমি খুশি অবশ্যই। এটা অনেক বড় পাওয়া।’
শিল্পকলা একাডেমির মহাপরিচালক থাকেন একজন। সঙ্গে থাকেন চারজন পরিচালক, যাদের একজনের দায়িত্ব পেয়েছেন জ্যোতি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির কোন বিভাগের দায়িত্ব পেলেন, এ নিয়ে জানতে চাইলে জ্যোতি বলেন, ‘এখন আমি মন্ত্রণালয়ে আছি। এখানে কিছু কাজ রয়েছে। পরে জানতে পারব আমি কোন বিভাগে পরিচালকের দায়িত্ব পাচ্ছি।’
ছোট পর্দা ও বড় পর্দা দুই ধারায়ই সাবলীল জ্যোতিকা জ্যোতি। বছরজুড়ে অভিনয় নিয়েই ব্যস্ততা তার। ২০০৪ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় সেরা দশে স্থান করে নিয়েছিলেন জ্যোতিকা জ্যোতি। পরবর্তী বছরেই সারাহ বেগম কবরী পরিচালিত সিনেমা ‘আয়না’য় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখেন জ্যোতি। পরবর্তী সময়ে একের পর এক সিনেমা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও নাটকে অভিনয় করেছেন এ অভিনেত্রী। জ্যোতি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা নুরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’।
বর্তমানে সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। অভিনয় প্রসঙ্গে তিনি জানান, কিছুদিন সাইফুল ইসলাম মান্নুর ‘অনাবৃত’ নামে আরেকটি ছবির শুটিং শেষ করেছেন। অন্যদিকে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমার নাম আগুনের পাখি, পরিচালনায় রয়েছেন আউয়াল চৌধুরী। বিষয়টি নিয়ে জ্যোতিকা জ্যোতি বলেন, ‘সত্য ঘটনা অবলম্বনে আমার আসন্ন সিনেমাটি হতে যাচ্ছে। নির্মাতা আউয়াল চৌধুরীর লেখা উপন্যাস ‘আগুনের পাখি’ থেকেই এটি সিনেমায় রূপ নিচ্ছে। উপন্যাসের নামেই এর নাম রাখা হয়েছে। নারীদের সাহসিকতা ও আত্মমর্যাদার গল্প নিয়েই এটি। গল্পটা ভালো লেগেছিল বলেই এর সঙ্গে যুক্ত হলাম। আমার মনে হয়েছে গল্পটা খুবই সময়োপযোগী।’
সিনেমার শুটিং প্রসঙ্গে তিনি জানান, চলতি বছরের মাঝামাঝি সময় এর শুটিং হবে বলে আশাবাদী তিনি। শুটিং হবে ময়মনসিংহ ও ঢাকায়। সিনেমার চরিত্র ও বিস্তারিত বিষয় নিয়েও আনুষ্ঠানিকভাবে জানানো হবে।










