ফরিদা পারভীনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংগীত শিল্পী মৌসুমী আক্তার সালমা। বণিক বার্তাকে তিনি বলেন, ‘শ্রদ্ধেয় কিংবদন্তী, লালন সম্রাজ্ঞী, লালন সাধক ফরিদা পারভীন আজ আমাদের মধ্যে নেই। এ কথা বলতেই বুকটা কেমন হাহাকার করছে। আমাদের সংস্কৃতির এক অপুরণীয় ক্ষতি হয়ে গেল। আমরা একজন অভিভাবক ও লালন সাধককে হারালাম।’
মৌসুমী আক্তার সালমা উল্লেখ করেন, ‘ব্যক্তিগতভাবে ফরিদা পারভীনের সঙ্গে তার মাতৃতুল্য সম্পর্ক ছিল। তিনি প্রচণ্ডভাবে আমাকে ভালোবাসতেন। আমার সৌভাগ্য হয়েছিল ওনার সঙ্গে একই মঞ্চে এবং টিভিতে গান গাওয়ার। আমি ছোটবেলায় ফরিদা মেমের কণ্ঠে লালন শাহের গান শুনেই লালন সংগীতের প্রতি ভালোবাসা তৈরি হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘এমন একজন অভিভাবককে হারানো সত্যিই অপুরণীয় ক্ষতি। যদি তিনি আরও কিছু সময় আমাদের মাঝে থাকতেন, তবে ওনার কাছ থেকে আরও অনেক কিছু শেখার সুযোগ ছিল।’










