ঈদে মুক্তি পেয়েছে রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘সুড়ঙ্গ’। এ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় আফরান নিশোর অভিষেক হলো। সিনেমার তার বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। চরকি ও আলফা আই স্টুডিওর যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে এটি। মুক্তির আগে থেকেই সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ ছিল, যার প্রমাণ মেলে সিনেমা মুক্তির পর। মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে দর্শক টানছে এ সিনেমা। দর্শকের আগ্রহ দেখে শোর সংখ্যা বাড়িয়েছে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ। বর্তমানে নির্মাতা ও কলাকুশলীরা সুড়ঙ্গের প্রচারণায় ব্যস্ত আছেন। এরই মধ্য শনিবার রাতে মিরপুরের সনি স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে সুড়ঙ্গ সিনেমার স্পেশাল শো হয়ে গেল। এতে বসেছিল তারার মেলা, মধ্যমণি ছিলেন আফরান নিশো ও তমা মির্জা। 

রাত ৮টায় সুড়ঙ্গের শো শুরুর আগে সিনেমাটির কলাকুশলীরা কথা বলেন। এ আয়োজনে রায়হান রাফী বলেন, ‘‌আমার স্বপ্নের সিনেমা ছিল সুড়ঙ্গ। আমি প্রায় চার বছর ধরে এ সিনেমা নির্মাণ করতে চাচ্ছিলাম কিন্তু প্রযোজক পাচ্ছিলাম না। কারণ এটির বাজেট একটু বেশি। অবশেষে চরকি ও আলফা আই আমার ওপর আস্থা রেখেছে। আমার পুরো টিমকে আমি ধন্যবাদ জানাই। একজন নির্মাতা কখনো একটা সিনেমা একা বানাতে পারেন না। পুরো টিম একসঙ্গে করলেই ভালো কিছু হয়। সবাই মিলে সুড়ঙ্গ সিনেমায় চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো একটা ভালো সিনেমা নির্মাণের। আমি বিশ্বাস করি, সিনেমায় প্রত্যেকটি মানুষ সৎভাবে পরিশ্রম করলে সেটা কখনো বৃথা যায় না। আলহামদুলিল্লাহ, আমরা এরই মধ্যে সে ফলাফল দেখতে পাচ্ছি। দর্শককে বলব, আপনারা সিনেমাটা দেখেন, আপনাদের ভালো লাগা-মন্দ লাগা আমাদের জানাবেন।’

সুড়ঙ্গ সিনেমায় মাসুদ চরিত্রে অভিনয় করেছেন নিশো। অন্যদিকে তমাকে দেখা গেছে ময়না চরিত্রে। অভিনয়ের জন্য এরই মধ্যে দর্শক মহলে প্রশংসা পাচ্ছে রুপালি পর্দার এই নতুন জুটি। সুড়ঙ্গ নিয়ে আফরান নিশো বলেন, ‘‌ধন্যবাদ সবাইকে যারা সিনেমাটা দেখছেন। আমি কৃতজ্ঞ সবার প্রতি। আমাদের টিমের প্রত্যেকটি মানুষ এ সিনেমায় অবদান রেখেছে। সবাইকে অনেক ধন্যবাদ, আমাদের পুরো টিমের যে পরিশ্রম সেটার প্রতিফলন এ সিনেমা।’ 

তমা মির্জা সিনেমাটা নিয়ে বলেন, ‘‌আমাদের সিনেমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো লাগছে দর্শকের এ ভালোবাসা। ময়না মাসুদকে মিস করে। আর যারা এখনো সিনেমাটা দেখেননি, তাদের ময়না আসলেই মিস করে। তাড়াতাড়ি সিনেমাটা দেখে ফেলেন।’ 

সুড়ঙ্গ সিনেমার দুই প্রযোজক আলফা আই স্টুডিওস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল এবং চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি উপস্থিত ছিলেন সিনেমার স্পেশাল শোয়ে। এ আয়োজনে রেদওয়ান রনি বলেন, ‘‌সবার ভালোবাসায় সিনেমাটা এরই মধ্যে সাফল্যের পথে। চরকির সঙ্গে সুড়ঙ্গ যুক্ত হওয়া প্রসঙ্গে আমি বলব, অনেকেই মনে করেন সিনেমা হলের ব্যবসা নষ্ট করে দিচ্ছে ওটিটি প্লাটফর্মগুলো। কিন্তু এটা ভুল ধারণা, কারণ এরই মধ্য দেশের বাইরে এমন হয়েছে যে ওটিটি ও সিনেমা হল কোলাবরেশনে সফল সিনেমা নির্মাণ করেছে। বাংলাদেশে সুড়ঙ্গ দিয়ে এর যাত্রা হলো। সিনেমাটা দেশ ও দেশের বাইরেও সাড়া পাচ্ছে। বাংলাদেশে অনেক বড় বাজেটে সিনেমা করা সম্ভব, যদি সিনেমা হল ও ওটিটি একসঙ্গে সিনেমা নির্মাণ করে।’

সুড়ঙ্গ ৭ জুলাই অস্ট্রেলিয়ার মেলবোর্ন, ক্যানবেরা, সিডনি ও ডারউইনসহ ছয়টি শহরে মুক্তি পেয়েছে। এছাড়া ২১ জুলাই নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাবে। তারপর ২৮ জুলাই থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যে মুক্তি দেয়া হবে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গে যাচ্ছে এটি। ভারতের প্রযোজনা সংস্থা ভেঙ্কটেশ ফিল্মসের ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে খবরটি নিশ্চিত করা হয়েছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাতটি দেশে আরবি সাবটাইটেলে সিনেমাটি মুক্তির প্রক্রিয়া চলছে।