একের পর এক নাটকে অভিনয় করছেন। আছে ওয়েব ফিল্মও। সম্প্রতি অভিনয় করেছেন আরিফিন শুভর বিপরীতে। জাহিদ প্রীতমের পরিচালনায় ‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মে দেখা যাবে তাদের। কাজটি নিয়ে ভীষণ প্রত্যাশা কেয়া পায়েলের। তবে এ মুহূর্তে তিনি সিনেমা নিয়ে খুব বেশি ভাবছেন না। হাতের কাজগুলোই করছেন মন দিয়ে। সম্প্রতি প্রচারে এসেছে তার অভিনীত নাটক ‘যত্নে থেকো’।

দুদিন আগে ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হয়েছে নাটকটির। এতে কেয়ার বিপরীতে আছেন ইয়াশ রোহান। নাটকটি রচনা করেছেন ইশতিয়াক আহমেদ। পরিচালনা করেছেন মোহন আহমেদ। ‘যত্নে থেকো’র বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন ইয়াশ রোহানের বাবা-মা নরেশ ভূঁইয়া ও শিল্পী সরকার অপু। আছেন আরো অনেকে। নাটকটি নিয়ে কেয়া পায়েল বলেন, ‘এর আগে ইয়াশের সঙ্গে ‘মনে রেখো আমায়’, ‘তোমায় বলা হয়নি’, ‘মায়াবী’, ‘অতঃপর একসাথে’, ‘চিরসাথী’সহ আরো বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। সব নাটকেরই রেসপন্স খুব ভালো। যত্নে থেকো নাটকটির গল্প খুব সুন্দর। ইশতিয়াক ভাইয়ের গল্পটা খুব ভালো লেগেছে আমার। নির্মাতাও বেশ যত্ন নিয়ে নির্মাণ করেছেন যত্নে থেকো। আশা করছি ভালো লাগবে দর্শকের।’

সিনেমার প্রসঙ্গে কেয়া পায়েল খুব একটা সরব নন। আসন্ন ওয়েব ফিল্মটি নিয়ে তিনি আশাবাদী। চরিত্রটি ‘প্রেমে পড়ার মতো’ বলে জানান তিনি। এদিকে তার ভক্তদের প্রত্যাশা তাদের প্রিয় এ অভিনেত্রী ওয়েব ফিল্মেই শুধু নয়, সরাসরি বড় পর্দায় কাজ করবেন। আবার অনেক ভক্ত, দর্শকের দাবি, যদি কেয়া পায়েল সিনেমায় অভিনয় করেন, তবে যেন চিত্রনায়ক শাকিব খানের বিপরীতেই অভিনয় করেন। কেয়া পায়েলেরও ইচ্ছা শাকিব খানের বিপরীতে অভিনয় করার। কিন্তু সেটা এখন সময়ের ব্যাপার। শাকিব খান আদৌ কেয়া পায়েলের বিপরীতে অভিনয় করবেন কিনা তা এখনো পুরোপুরি নিশ্চিত নয়।