দরজায় কড়া নাড়ছে বাঙালি জাতির জীবনের গৌরবময় স্মৃতিবিজড়িত দিন ১৬ ডিসেম্বর। মাত্র কয়েকটা দিন বাকি। প্রতি বছর এ কাঙ্ক্ষিত দিনটি পালনে মাসজুড়ে চলে নানা প্রস্তুতি। নাট্যাঙ্গনেও তাই। বিজয় দিবসকে ঘিরে নাট্যকাররা রচনা করেন নতুন চিত্রনাট্য। আর সেটাকে চরিত্রে রূপান্তর করেন নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।
দেশের মঞ্চ নাটকে নাট্যদল প্রাঙ্গণেমোর উল্লেখযোগ্য একটি নাম। দলটি আরেক নাট্যদল শব্দ নাট্যচর্চা কেন্দ্রের সঙ্গে যৌথভাবে বিজয় দিবস উপলক্ষে মঞ্চে নিয়ে আসছে নতুন নাটক একজন অথবা কতিপয় ‘মেজর’। এটি রচনা ও নির্দেশনা অনন্ত হিরার।
শ্যামাপ্রেম, লোকনায়ক, আওরঙ্গজেব, ঈর্ষা, কনডেম্ড সেল, মাইকেল মধুসূদন, তৃতীয় একজন, হাছন জানের রাজার মতো দর্শকপ্রিয় অনেক নাটকের কারিগর অনন্ত হিরা। তার নির্দেশিত নতুন এ নাটকটি কেমন হতে পারে? কী দেখতে পাবেন দর্শকরা এতে? জানতে যোগাযোগ করা হয় তার সঙ্গে।
নাটকের বিষয়বস্তু নিয়ে এখনি কিছু বলতে রাজি হলেন না নির্দেশক। দর্শকদের জন্য চমক রাখতে চাইলেন।
১৪ ও ১৫ ডিসেম্বর নাটকটির কারিগরি প্রদর্শনী হবে বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। একই হলে ১৬ ডিসেম্বর নাটকটির উদ্বোধনী এবং ১৮ ডিসেম্বর নাটকটির দ্বিতীয় প্রদর্শনী হবে শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে।
করোনাকালে নাটকের উদ্বোধনী বিষয়ে জানতে চাইলে অনন্ত হিরা বলেন, ‘প্রদর্শনীর আগে কোনো ধরনের আয়োজনের সংস্কৃতি আমাদের দলে নেই। নাটকের প্রদর্শনীটাই একটা আয়োজন। নাটকটির উদ্বোধনী দিনে যারা এটি দেখতে আসবেন তারাই উদ্বোধক। আর করোনাকালে হলগুলোর আসনবিন্যাস করা হয়েছে। সেভাবে স্বাস্থ্যবিধি মেনে প্রদর্শনীটি করা হবে।’
লকডাউনের পর গত আগস্ট থেকে প্রদর্শনী করে আসছে প্রাঙ্গণেমোর নাট্যদল। দর্শকদের উপস্থিতি কেমন? এ প্রশ্নের জবাবে অনন্ত হিরা বলেন, ‘দর্শকদের উপস্থিতি ভালো। গত সাত-আট মাস সবাই ঘরে ছিল। কোনো বিনোদনের ব্যবস্থা তো ছিল না। আর নাটক তো শুধু বিনোদনের জন্য নয়, আরো বেশি কিছু। লকডাউন শেষে পুনরায় প্রদর্শনী শুরুর পর আমরা চারটি প্রদর্শনী করেছি। সব প্রদর্শনীই হাউজফুল ছিল। কথায় কথায় তিনি জানালেন, বিজয় দিবস উপলক্ষে নতুন নাটকটির দর্শক নিয়েও শঙ্কিত নন দলের সদস্যরা। এরই মধ্যে অনলাইনে অধিকাংশ সিট বুকড হয়ে গেছে।’
প্রাঙ্গণেমোর নাট্য সংগঠন তাদের দীর্ঘ যাত্রায় বেশকিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন দর্শকদের। অন্য নাটকগুলোর তুলনায় এ নাটকের ভিন্নতা কতখানি বা প্রত্যাশা কী রকম? এ বিষয়ে অনন্ত হিরা বলেন ‘নতুন নাটকটি নিয়ে এটুকু বলব, এটি অন্য রকম বিষয় নির্বাচনের একটি নাটক। বিষয়টি নিয়ে চলচ্চিত্র, টিভিতে আগে কাজ হয়নি। গল্প, অভিনয়, সংলাপ সব মিলিয়ে একটি নিরীক্ষাধর্মী কাজ। দর্শকরা হতাশ হবেন না।’
একজন অথবা কতিপয় ‘মেজর’
নাটকে খুব ছোট্ট একটি চরিত্রে দেখা যাবে অনন্ত হিরাকে। এছাড়া এতে অভিনয় করবেন নূনা আফরোজ, আউয়াল রেজা, রওশন জান্নাত রুশনী, সুমন মল্লিক ও বাঁধন সরকার।
নাটকটির আলোর পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান, মঞ্চ পরিকল্পনা করেছেন ফয়েজ জহির, সংগীত পরিচালনায় রামিজ রাজু, পোশাক পরিকল্পনায় নূনা আফরোজ এবং লোগো, পোস্টার, ব্রশিয়ার ও টিকিট ডিজাইন করেছেন অরূপ বাউল।










