অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’ সিনেমার শুটিং চলছিল নেপালে। ২৫ দিনের বেশি সময় সেখানে দৃশ্যধারণের পর আকস্মিক বন্যার কারণে গত ২৮ আগস্ট দেশে ফেরে সিনেমাটির পুরো দল। সেদিন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিনেমাটি চিত্রনায়ক মরতুজা পলাশকে গ্রেফতার করে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলার এজাহারনামীয় আসামি পলাশ বর্তমানে কারাগারে আছেন। তার গ্রেফতারের খবর গত বৃহস্পতিবার প্রকাশ্যে আসে।

জানা গেছে, শিকার সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত আগস্টে নেপালে যান পলাশ। সেখানে সিনেমাটির বেশির ভাগ অংশের দৃশ্যধারণ শেষ হয়। তবে কয়েকটি দৃশ্য ও গানের শুটিং এখনো বাকি রয়েছে। দেশে ফেরার দিনই বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে এত দিন তার গ্রেফতারের বিষয়টি প্রকাশ্যে আসেনি।

মামলাসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর পলাশকে রিমান্ডে নেয়া হয়েছিল। রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলাসংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ঘটনা ও মামলার অন্য আসামিদের বিষয়ে পলাশের কাছ থেকে কিছু তথ্য পেয়েছে পুলিশ। তবে এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে পলাশ কারাগারে থাকায় অনিশ্চয়তায় পড়েছে শিকার সিনেমার বাকি কাজও। নির্মাতা কামরুজ্জামান রোমান আগামী অক্টোবরে অবশিষ্ট দৃশ্য ও গানের শুটিং করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু নায়ক কারাগারে থাকায় এখনো শুটিংয়ের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করতে পারেননি তিনি।

এ বিষয়ে কামরুজ্জামান রোমান গণমাধ্যমকে বলেন, ‘নেপালে শিকারের বেশির ভাগ অংশের শুটিং শেষ হয়েছে। অক্টোবরে বাকি কাজ করার পরিকল্পনা ছিল। কিন্তু নায়ক কারাগারে থাকায় এখনো চূড়ান্ত শিডিউল করা যাচ্ছে না। মরতুজা পলাশ আইনিভাবে বিষয়টি মোকাবেলা করছেন। প্রযোজনা প্রতিষ্ঠান আশা করছে, তিনি শিগগিরই মুক্তি পাবেন। তা না হলে অপেক্ষা করা ছাড়া আমাদের কোনো উপায় নেই।’

সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে নির্মিত হচ্ছে থ্রিলার ঘরানার সিনেমা ‘শিকার’। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে এতে মরতুজা পলাশ ও অপু বিশ্বাসের পাশাপাশি অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার এবং পশ্চিমবঙ্গের খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য। রেজা ফিল্মসের ব্যানারে সিনেমাটি নির্মাণ করছেন কামরুজ্জামান রোমান।