বনানী কবরস্থানে বাবা কিংবদন্তি চিত্রনায়ক জসিমের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন এ কে রাতুল। আজ সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে রোববার বাদ মাগরিব উত্তরা ৭ নম্বর সেক্টরের পার্ক মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
গত ২৭ জুলাই, উত্তরা এলাকার একটি জিমে ব্যায়াম করার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রাতুল। তাৎক্ষণিকভাবে তাকে কাছাকাছি একটি হাসপাতালে নেয়া হলেও পরে স্থানান্তর করা হয় লুবনা হাসপাতালে। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২০১৪ সালে ‘ওন্ড’ ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘ওয়ান’ প্রকাশিত হয়। ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ মুক্তি পাওয়ার পর ব্যান্ডটি সংগীতপ্রেমীদের মধ্যে আলোচনায় আসে। রাতুল শুধু কণ্ঠশিল্পী নয়, রক সংগীত প্রযোজক হিসেবেও সুনাম অর্জন করেছিলেন। তিনি বিভিন্ন ব্যান্ডের সঙ্গে কাজ করেছেন, যার মধ্যে অন্যতম অর্থহীনের ‘ফিনিক্সের ডায়েরি-১’-এর সাউন্ড প্রোডাকশন।
নায়ক জসিমের তিন ছেলের মধ্যে রাতুল ছিলেন মেজো। তার দুই ভাইও সংগীতের সঙ্গে যুক্ত। একজন ড্রামার, অন্যজন কণ্ঠশিল্পী।










