সিম্ফোনিক মেটাল ব্যান্ড অপার্থিব তাদের প্রথম অ্যালবাম ‘আবছা নীল কণা’ মুক্তি দিয়েছে স্পটিফাই, ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে। ঈদুল ফিতরকে সামনে রেখেই অ্যালবামটি মুক্তি দেয়া হয়েছে। এতে টাইটেল ট্র্যাক আবছা নীল কণাসহ মোট সাতটি গান রয়েছে।

ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট সালেহীন চৌধুরী বলেন, ‘প্রথম অ্যালবামের ক্ষেত্রে শ্রোতাদের সমর্থন ও ভালোবাসা আমাদের জন্য বিরাট অনুপ্রেরণা ছিল। আমরা বিশ্বাস করি, সংগীত এমন একটি মাধ্যম যা আমাদের বারবার দেশের মানুষের কাছে ফিরিয়ে নিয়ে যাবে।’

২০০৯ সালে যাত্রা শুরু করা অপার্থিব ব্যান্ডের বর্তমান পাঁচ সদস্যই কানাডার অটোয়াতে বসবাস করছেন। আর সেখান থেকেই তাদের সংগীতচর্চা চালিয়ে যাচ্ছেন। ব্যান্ড সদস্যরা হলেন— সৈয়দ আদনান আলী (ড্রামস), সালেহীন চৌধুরী (ভোকাল ও গিটার), আসফিন হায়দার (ভোকাল), আদিয়ান ফয়সাল (কি-বোর্ড) ও সৈয়দ আহসান আলী (বেজ গিটার)।

অপার্থিব বিশ্বব্যাপী শ্রোতাদের সঙ্গে তাদের সংগীত ভাগ করে নিতে ও নতুন মাত্রায় সংগীত চর্চাকে এগিয়ে নিয়ে যেতে আগ্রহী।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত হয় অ্যালবামের পাঁচ নম্বর গান ‘পথিক’। এ গানটিতে অতিথি গিটারিস্ট হিসেবে অংশ নেন সাজ্জাদুল আরেফিন।