প্রতি বছরের মতো এবারো আয়োজিত হয়েছে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (কেআইএফএফ)। বৃহস্পতিবার বিকাল ৪টায় কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবের। উৎসবে বাংলাদেশ থেকে অংশ নিয়েছে মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। বাংলাদেশের পর এখন সিনেমাটি কলকাতায় প্রশংসিত হচ্ছে।
ইন্টারন্যাশনাল কম্পিটিশন: ইনোভেশন ইন মুভিং ইমেজ বিভাগে মনোনীত হয়েছে মুহাম্মদ কাইয়ুমের সিনেমাটি। এ বিভাগের জুরি প্যানেলে রয়েছেন বিশিষ্ট বাংলাদেশী পরিচালক তানভীর মোকাম্মেল। এছাড়া ভারতের জনপ্রিয় নির্মাতা আর তারকাদের মধ্যে রয়েছেন মানো খলিল, ইলিয়ানা জাকোপলু, শালিনী ডোরে ও তন্নিষ্ঠা চ্যাটার্জি।
হাওরাঞ্চলের শ্রমজীবী মানুষের জীবনসংগ্রামের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে একমাত্র বাংলাদেশী সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে এটি।
শুক্রবারে বেলা ১১টায় কলকাতার নন্দন সিনেমা হলে দেখানো হয়েছে কুড়া পক্ষীর শূন্যে উড়া। কলকাতার দর্শকদের প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। এ নিয়ে নির্মাতা মুহাম্মদ কাইয়ুম বণিক বার্তাকে বলেন, ‘সিনেমাটি যারা দেখেছেন তারা সবাই অকুণ্ঠ প্রশংসা করেছেন। ঢাকায়ও যারা এ সিনেমা দেখেছেন তারা যেমন তাদের ভালো লাগার কথা আমাকে জানিয়েছেন, ঠিক একইভাবে যারা কলকাতায় আছেন তারাও সিনেমাটি দেখে সাধুবাদ জানিয়েছেন। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। ভালো লাগার আরো একটি কারণ হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসবের এবারের আসরে আমার সিনেমা দিয়েই প্রদর্শনী শুরু হয়েছে। উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে একমাত্র বাংলাদেশী সিনেমা কুড়া পক্ষীর শূন্যে উড়া। এটা তো আমাদের জন্য গর্বের বিষয়, তবে দুঃখের বিষয় এখনো বাংলাদেশ দূতাবাস থেকে কেউ আসেনি। বিদেশের মাটিতে সিনেমাটি সবার ভালোবাসা পাচ্ছে, এর জন্য অন্যরকমের ভালো লাগা কাজ করছে নিজের ভেতরে।’
কুড়া পক্ষীর শূন্যে উড়া মুহাম্মদ কাইউমের প্রথম নির্মিত সিনেমা। ভাটি অঞ্চলের কৃষিজীবী মানুষের জীবনসংগ্রামের গল্প উঠে এসেছে এতে। সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। এটি নির্মাণ করতে সময় লেগেছে প্রায় সাড়ে তিন বছর। এ সিনেমায় অভিনয় করেছেন জয়িতা মহলানবিশ, উজ্জ্বল কবির হিমু, সুমি ইসলাম, সামিয়া আকতার বৃষ্টি, বাদল শহীদ, মাহমুদ আলম ও আবুল কালাম আজাদ। গত ৪ নভেম্বর সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকের ভালোবাসা পেয়েছে। নিখুঁতভাবে হাওরের মানুষের জীবনসংগ্রাম তুলে ধরার কারণে অনেক তারকা ও নির্মাতারাই সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক পোস্ট করেছিলেন।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া কুড়া পক্ষীর শূন্যে উড়া নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে সিনেমাটির নির্মাণ, নেপথ্যের গল্প উঠে এসেছে। ১৩ ডিসেম্বর প্রকাশিত প্রিয়াংকা দাশগুপ্তর এ লেখার মধ্য দিয়ে ভারতীয় দর্শকের কাছে পৌঁছে গেছে হাওরের গল্প। এমনকি কুড়া পক্ষীর শূন্যে উড়া নির্মাণের গল্পও। প্রতিবেদক জানিয়েছেন, বৈরী আবহাওয়ায় এমন একটি সিনেমার চিত্রধারণ কোনো সহজ কাজ ছিল না। এরপর চলচ্চিত্র উৎসবেও সিনেমাটি একই ধরনের প্রতিক্রিয়া পেয়েছে।
এবার উৎসবের উদ্বোধন করেছেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা শাহরুখ খান, সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী, তৃণমূল সংসদ সদস্য ও অভিনেতা শত্রুঘ্ন সিনহা, পরিচালক মহেশ ভাট, রানী মুখার্জি, কুমার শানু ও অরিজিৎ সিং। এছাড়া ছিল টালিউডের একঝাঁক শিল্পী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের আসরের পর্দা নামবে ২২ ডিসেম্বর।










