চলতি বছরটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য অন্য রকম। দর্শক হলে গিয়ে সিনেমা দেখছে। আর নির্মাতারাও ভিন্নধর্মী গল্প নিয়ে আসছেন বড় পর্দায়। গত শনিবার অনুষ্ঠিত হয়ে গেল দেশের হাওরাঞ্চলের শ্রমজীবী মানুষের জীবনসংগ্রামের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘‌কুড়া পক্ষীর শূন্যে উড়া’র প্রিমিয়ার শো। ট্রেলার মুক্তি পাওয়া থেকে শুরু করে প্রিমিয়ার সব জায়গায়ই প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি। ভাটি অঞ্চলের কৃষিজীবী মানুষের জীবনসংগ্রামের গল্প উঠে এসেছে এ সিনেমার মধ্য দিয়ে। এটি নির্মাণ করেছেন মুহাম্মদ কাইউম। এর কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কুড়া পক্ষীর শূন্যে উড়া। সিনেমাটি মুক্তির তারিখ ৪ নভেম্বর (আজ) নির্ধারণ করা হলেও এর মুক্তি নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে সব বাধা কাটিয়ে অবশেষে আজ থেকে প্রেক্ষাগৃহে দেখা যাবে এ সিনেমা। আজ বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে শুরু হচ্ছে কুড়া পক্ষীর শূন্যে উড়া সিনেমার নিয়মিত শো। বেলা ১১টা আর বিকাল সাড়ে ৪টার শোয়ে দেখা যাবে এটি। এ নিয়ে মুহাম্মদ কাইউম বণিক বার্তাকে বলেন, ‘‌৪-১০ নভেম্বর পর্যন্ত বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন দুটি শোয়ে দেখা যাবে এ সিনেমা। প্রথম দিকে আমরা তো হল পাচ্ছিলাম না। আমরা বসুন্ধরা সিনেপ্লেক্সের কাছে কৃতজ্ঞ, অবশেষে একটা সিনেপ্লেক্সে হলেও সিনেমাটি আসছে। যেহেতু এটা আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে, তাই আশা করছি দর্শকের সাড়া পেলে কুড়া পক্ষী শূন্যে উড়ার শো আগামীতে আরো বাড়ানো হবে।’

দর্শকের উদ্দেশে তিনি বলেন, ‘‌আমরা সৎভাবে আন্তরিকতার সঙ্গে পরিশ্রম করে সিনেমাটি নির্মাণ করেছি। জনমানুষের গল্প, বাংলাদেশের ভূপ্রকৃতি, জীবনযাপন ও কৃষিজীবী মানুষের জীবনসংগ্রাম আমরা এ সিনেমায় তুলে ধরতে চেষ্টা করেছি। আমি দর্শককে আহ্বান করব বাংলাদেশের মৌলিক ও সমসাময়িক বিষয় নিয়ে প্রত্যন্ত এলাকার মানুষের জীবনসংগ্রাম নিয়ে করা ছবিটি আপনারা দেখুন এবং দেখার পর বিচার করেন এ ধরনের সিনেমার দরকার আছে কি নেই।’

এ সিনেমায় অভিনয় করেছেন জয়িতা মহলানবিশ, উজ্জ্বল কবির হিমু, সুমি ইসলাম, সামিয়া আকতার বৃষ্টি, বাদল শহীদ, মাহমুদ আলম ও আবুল কালাম আজাদ। সিনেমাটির পুরোটা চিত্রায়ণ হয়েছে দেশের বৃহত্তর হাওরাঞ্চল সুনামগঞ্জে। সাড়ে তিন বছর সময় নিয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের মানুষের জীবন নিয়ে এ চলচ্চিত্র নির্মিত। এখানকার মানুষের জীবনের সংগ্রাম, হাসি, আনন্দ, দুঃখকষ্ট উঠে এসেছে এ সিনেমার মধ্য দিয়ে।