নব্বইয়ের দশকে টেলিভিশন নাটক দিয়ে অভিনয় শুরু­­ করেন মাহফুজ আহমেদ। সময়ের সঙ্গে দর্শক মহলে জনপ্রিয়তা বাড়ে এ অভিনেতার। তবে হুট করেই তিনি অভিনয় থেকে দূরে সরে যান। দীর্ঘ বিরতি নেন লাইট-ক্যামেরার জগৎ থেকে। এবার নতুন  করে ফিরছেন মাহফুজ। লম্বা সময়ের বিরতির পর ফের বড় পর্দায় আসছেন  তিনি। চয়নিকা চৌধুরীর সিনেমা ‘প্রহেলিকা’র মধ্য দিয়ে ফিরছেন মাহফুজ। দীর্ঘ আট বছর পর বড় পর্দায় দেখা মিলবে দেশের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের। প্রহেলিকায় তার বিপরীতে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে বলেও জানিয়েছেন চয়নিকা চৌধুরী।  আসন্ন সিনেমার প্রচারের অংশ হিসেবে বৃহস্পতিবার এর ব্যতিক্রমী এক পোস্টার প্রকাশ করেন নির্মাতা। প্রকাশিত পোস্টারে একেবারে ভিন্নভাবে দেখা দিয়েছেন মাহফুজ আহমেদ। এতে উল্টো হয়ে থাকা মাহফুজকে দেখতে অদ্ভুত লেগেছে। পোস্টারের জন্য এরই মাঝে সামাজিক মাধ্যমে প্রশংসা পাচ্ছেন এ অভিনেতা। প্রথম দেখায় অনেকেই পোস্টারে তাকে চিনতে ভুল করবেন। এটি মূলত  প্রহেলিকার প্রথম ক্যারেক্টার লুকের পোস্টার। 

এ নিয়ে মাহফুজ আহমেদ বলেন, এটি মূলত প্রহেলিকায় আমার ক্যারেক্টার লুক পোস্টার। এ পোস্টার প্রকাশের মাধ্যমে সিনেমায় আমার মনা চরিত্রটি নিয়ে দর্শককে জানানো হলো। এর আগে সিনেমাটির মেঘের নৌকা গানটি দেখার পর অনেকেই মনে করে থাকবেন এটি হয়তো রোমান্টিক ঘরানার সিনেমা। তবে পোস্টারটি দেখে রোমান্টিক ঘরানার এ ধারণা বদলেও যেতে পারে। আসলে সিনেমার গল্পে  এমন অনেক রহস্য রয়েছে, যা কেবল হলে গিয়ে দেখার পরই বুঝতে পারবে দর্শক।

প্রহেলিকা দিয়ে অনেকদিন পর ক্যামেরার সামনে দাঁড়ালেন মাহফুজ। সর্বশেষ তিনি ২০১৮ সালে ‘সাড়ে তিন খানা চিঠি’ নামে একটি নাটকে অভিনয় করেছিলেন। মাহফুজ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জিরো ডিগ্রি’। এটি ২০১৫ সালে মুক্তি পায়। ১৯৯৯ সালে হুমায়ূন আহমেদের ‘‌শ্রাবণ মেঘের দিন’ সিনেমা দিয়ে তার বড় পর্দায় অভিষেক। এরপর ‘‌দুই দুয়ারী’, ‘‌জয়যাত্রা’, ‘‌ মেঘের পরে মেঘ’, ‘‌লাল সবুজ’ ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেন। আসন্ন সিনেমা নিয়ে মাহফুজ আরো জানান, এটি তার প্রথম ক্যারেক্টার লুক পোস্টার হলেও পর্যায়ক্রমে প্রহেলিকার অন্য শিল্পীদের ক্যারেক্টার লুক প্রকাশ হবে শিগগিরই। 

পোস্টার প্রকাশের এক মাস আগেই প্রহেলিকার  প্রথম গান ‘মেঘের নৌকা’ প্রকাশ হয়েছিল। গানটি দর্শকের ভালোবাসা পায়। এ গানে মাহফুজ আহমেদ ও বুবলীর রোমান্টিক অবতার এরই মধ্যে প্রশংসা কুড়ায়। সিলেট, ছেঁড়াদ্বীপ ও সেন্ট মার্টিনে গানটির শুটিং হয়েছে। আসিফ ইকবালের কথায় এ গানের সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল। আর তাতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিলেন কোনাল।

অন্যদিকে চয়নিকা চৌধুরী নির্মিত দ্বিতীয় সিনেমা প্রহেলিকা। পান্থ শাহরিয়ারের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে সিনেমাটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। সিনেমাটির মুক্তি নিয়ে চয়নিকা চৌধুরী বলেন, ‘আমাদের পরিকল্পনা আছে ঈদুল আজহায় মুক্তি দেয়ার। দেশের দর্শক এখন সিনেমা দেখতে হলে ফিরতে শুরু করেছে। বিশেষ করে ঈদের সময় হলগুলোয় দর্শকের বেশ আগ্রহ চোখে পড়ার মতো। তাই চিন্তাভাবনা করেই  মুক্তির তারিখ নির্ধারণ হয়েছে।

সিনেমাটার ক্যারেক্টার লুক পোস্টার নিয়ে চয়নিকা বলেন, ‘‌আমাদের পুরো জীবনটাই রহস্যে ঘেরা, সম্পর্কও রহস্যে ঘেরা। আর প্রহেলিকা মানেই রহস্য, ধাঁধা। সত্যি বলতে চোখে যা দেখা যায়, আসলে তা দেখা নয়। অর্পা ও মনার প্রেম কাহিনীই একটি প্রহেলিকা। সিনেমাটি দেখার পর বাকি গল্প দর্শক জানবে। আপাতত সিনেমাটির মনা চরিত্রের  ক্যারেক্টার লুক প্রকাশ করা হলো। আমাদের মাহফুজ আহমেদ হচ্ছেন প্রহেলিকার মনা। এ সিনেমায় তার অভিনয়ের অন্য রকম জাদু দেখতে পাবে দর্শক।’

মাহফুজ-বুবলী ছাড়াও প্রহেলিকায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামানসহ অনেকে। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে এ সিনেমার শুটিং শেষ হয়। চয়নিকা চৌধুরীর প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’ কয়েকটি শাখায় জাতীয় পুরস্কার জিতেছিল। এছাড়া দর্শক মহলেও প্রশংসা পেয়েছিল বিশ্বসুন্দরী। এবার দেখার পালা চয়নিকা চৌধুরীর প্রহেলিকা হলে দর্শকের মন জয় করতে পারে কিনা।