উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় দেশের বিনোদন অঙ্গনেও শুরু হয়েছে প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ তুলে পোস্ট দিয়েছেন নির্মাতা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

মঙ্গলবার রাতে দেয়া ফেসবুক পোস্টে ফারুকী লেখেন, ‘মাইলস্টোনের ক্লাসে কারা ছিল, কারা প্রাণ হারিয়েছে, কারা চিকিৎসাধীন—এসবই তো রেকর্ডেড। দয়া করে ভুয়া হেডলাইন দেওয়া লেখা শেয়ার করে মানুষকে আরও ট্রমাটাইজড করবেন না। জাতি শিল্পীদের কাছে আরেকটু দায়িত্বশীলতা আশা করে।’

এ পোস্টের প্রতিক্রিয়ায় তরুণ অভিনেতা আরশ খান নিজের অবস্থান ব্যাখ্যা করে লেখেন, ‘জাতি উপদেষ্টাদের কাছেও আরেকটু দায়িত্বশীলতাই আশা করে।’

আরশ লিখেছেন, ‘বিখ্যাত শিল্পী ও পরিচালকরা যারা একটি ‘মিসিং’ পোস্ট শেয়ার করেছেন—তাঁরাও মানুষ। তাঁদের পরিবারেও শিশু আছে। দেশের ক্রান্তিকালে তাঁরাও অস্থির হয়ে পড়েন। তাই বিভিন্নভাবে এই সংকটে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। যেহেতু আপনাদের দেয়া তথ্য অভিভাবকদের বক্তব্যের সঙ্গে পুরোপুরি মেলে না, আমরা ধোঁয়াশায় রয়েছি। এটি ভুলবশত পোস্ট, না কি সম্মিলিত কোনো চক্রান্ত—তা তদন্ত করে সঠিক তথ্য দিন। যেন ভুল তথ্য আমাদের বিভ্রান্ত না করে।’

আরশ খানের এ পোস্টে অনেকে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং অনেকেই তা শেয়ার করেছেন। পাশাপাশি, আরেক পোস্টে তিনি লেখেন, ‘সব রাজনীতিবিদকেই আমাকে বিরোধী দল মনে হবে, কারণ আমি জনতার পক্ষে কথা বলি।’