ফ্রান্সের কান সৈকতে গতকাল পর্দা নেমেছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬'-এর। এবারের উৎসবে দক্ষিণ এশিয়ার জন্য এক ঐতিহাসিক গৌরব বয়ে নিয়ে এল নেপাল। উৎসবের অন্যতম সম্মানজনক ‘আঁ সার্তে রিগা’ বিভাগে রানার্স-আপ হিসেবে ‘জুরি প্রাইজ’ জয় করেছে তরুণ নির্মাতা অবিনাশ বিক্রম শাহ পরিচালিত চলচ্চিত্র ‘এলিফ্যান্টস ইন দ্য’।
মূল প্রতিযোগিতার পর কান উৎসবের দ্বিতীয় শীর্ষ ক্যাটাগরি হিসেবে বিবেচনা করা হয় ‘আঁ সার্তে রিগা’ বিভাগকে। আর সেখানেই প্রথম নেপালি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে এ সম্মানজনক পুরস্কার জিতে ইতিহাস গড়ল সিনেমাটি। গতকাল উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
পর্দার পেছনের বাস্তব গল্প
নেপালের দক্ষিণাঞ্চলীয় তেরাই সমভূমির বনাঞ্চল ঘেরা থোরি নামক একটি প্রান্তিক গ্রামের পটভূমিতে নির্মিত হয়েছে ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’। একদিকে হাতির আক্রমণের আতঙ্ক, অন্যদিকে সমাজের নিষ্ঠুর বাস্তবতার মধ্যে কুইয়ার ও সংখ্যালঘু কিন্নর (ট্রান্সজেন্ডার) সম্প্রদায়ের জীবনসংগ্রাম ও মনস্তাত্ত্বিক টানাপোড়েন উঠে এসেছে এই চলচ্চিত্রে। মা ও মেয়ের সম্পর্কের মধ্য দিয়ে মূলত পুরো অবহেলিত সমাজটির গল্প ফুটিয়ে তুলেছেন পরিচালক। সিনেমাটির সবচেয়ে বড় বিশেষত্ব হলো, এর মূল চরিত্রে অভিনয় করেছেন খোদ কুইয়ার ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রান্তিক মানুষেরা।
অদৃশ্য হলো দৃশ্যমান
পুরস্কার গ্রহণের পর মঞ্চে আবেগঘন এক বক্তব্য দেন পরিচালক অবিনাশ বিক্রম শাহ। পুরো টিমকে সাফল্যের কৃতিত্ব দিয়ে তিনি বলেন, ‘সিনেমার এমন এক অদ্ভুত ক্ষমতা আছে যা অন্ধকারের মধ্য দিয়েও দেখতে পায়। আমাদের গল্পটি এই বিশ্বমঞ্চে পৌঁছানো এবং এই স্বীকৃতি পাওয়ার বড় অর্থ হলো—দীর্ঘদিন ধরে যাদের সমাজ অদৃশ্য করে রেখেছিল, তারা আজ দৃশ্যমান হয়েছে।’
পুরস্কার ঘোষণার পরপরই কানের মঞ্চে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন সিনেমার অভিনেতা ও কলাকুশলীরা। আনন্দের একপর্যায়ে অভিনেতা পুষ্পা লামা পরিচালক অবিনাশের গায়ে নেপালের জাতীয় পতাকা জড়িয়ে দিলে করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।
এক নজরে ‘আঁ সার্তে রিগা’র অন্যান্য বিজয়ী
এ বছর এই বিভাগে মোট ১৯টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছিল, যার মধ্যে ৬টিই ছিল নবাগত পরিচালকদের তৈরি। প্রতিযোগিতার প্রধান পুরস্কার ‘আঁ সার্তে রিগা প্রাইজ’ জিতেছে অস্ট্রিয়ান পরিচালক সান্ড্রা ওলনারের চলচ্চিত্র ‘এভরিটাইম’। নেপালের চলচ্চিত্রটি এর ঠিক পরেই দ্বিতীয় প্রধান পুরস্কার বা ‘জুরি প্রাইজ’ নিজের করে নেয়।
এছাড়া এই বিভাগের অন্যান্য পুরস্কারগুলো হলো:
- স্পেশাল জুরি প্রাইজ: আয়রন বয়
- সেরা অভিনেতা: ব্র্যাডলি ফিওমোনা ডেমবেসেট (কঙ্গো বয়)
- সেরা অভিনেত্রী: মারিনা দে তাভিরাসহ তিনজন যৌথভাবে (সিয়েম্প্রে সয় তু অ্যানিমেল মাতের্নো)
যৌথ প্রযোজনার বৈশ্বিক প্রয়াস
‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’ মূলত নেপালি প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি ফ্রান্স, জার্মানি, ব্রাজিল ও নরওয়ের যৌথ অর্থায়নে নির্মিত হয়েছে। উল্লেখ্য, এটি পরিচালক অবিনাশ বিক্রম শাহ-এর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হলেও কানের মঞ্চে তার পথচলা এবারই প্রথম নয়। এর আগে ২০২২ সালে তার নির্মিত ‘লোরি’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ৭৫তম কান উৎসবে ‘স্পেশাল মেনশন’ পেয়েছিল। এবার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়েই বাজিমাত করলেন এই তরুণ নির্মাতা।










