বরেণ্য সংগীতজ্ঞ, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসী আর নেই। আজ শনিবার (১০ মে) সকালে রাজধানীর বনানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এই বরেণ্য সংগীতজ্ঞ। গতকাল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আজ ভোর সাড়ে পাঁচটায় তিনি মৃত্যুবরণ করেন।
মুস্তাফা জামান আব্বাসী উপমহাদেশের প্রখ্যাত সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন কিংবদন্তি পল্লীগীতিশিল্পী আব্বাস উদ্দীন আহমেদ। গানের পাশাপাশি তিনি সাহিত্য ও গবেষণায়ও অবদান রেখেছেন।
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে লোকসঙ্গীত প্রচারে ভূমিকা রেখেছেন তিনি। ইউনেস্কোর ছায়ায় বাংলাদেশের জাতীয় সংগীত কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন ১১ বছর। তার সংগ্রহে ছিল কয়েক হাজার লোকগান। লিখেছেন ২১টি গ্রন্থ, যার মধ্যে ‘লোকসঙ্গীতের ইতিহাস’ ও ‘ভাটির দ্যাশের ভাটিয়ালি’ বিশেষভাবে প্রশংসিত। মুস্তাফা জামান আব্বাসী একুশে পদকসহ বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন।
মোস্তফা জামান আব্বাসী ভারতের কোচবিহার জেলার বলরামপুর গ্রামে ৮ ডিসেম্বর ১৯৩৬ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোর কাল কলকাতায় কাটে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করা আব্বাসী পরবর্তীতে হার্ভার্ড গ্রুপ থেকে মার্কেটিং বিষয়ে পড়াশোনা করেন। তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ছিলেন এবং ফোক মিউজিক রিসার্চ গ্রুপের পরিচালক হিসেবে পাঁচ দশক ধরে কাজ করেছেন।










