স্বপ্নদলের বহুল প্রশংসিত প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে অনুষ্ঠিত হয় প্রযোজনাটির ১৩০তম মঞ্চায়ন।
‘ত্রিংশ শতাব্দী’র মূল কাহিনী গড়ে উঠেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে আণবিক বোমা বিস্ফোরণের অপ্রত্যাশিত পরিণতিকে কেন্দ্র করে। পাশাপাশি গুরুত্বের সঙ্গে উঠে এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া, ইসরায়েল-ফিলিস্তিন, আফগানিস্তান-ইরাকসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘটিত যুদ্ধ ও সহিংসতার ঘটনা। স্থান পেয়েছে রাশিয়া-ইউক্রেন ও ইরান-ইসরায়েল যুদ্ধের নেতিবাচকতা এবং বাংলাদেশের সাম্প্রতিক নানা অমানবিক ঘটনাও। বহুমুখী দৃষ্টিকোণ থেকে এসব ঘটনা বিশ্লেষণের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুদ্ধবাজ, যুদ্ধাপরাধী ও অশান্তিকামীদের স্বরূপ এবং তাদের কর্মকাণ্ডের তাৎক্ষণিক ও সুদূরপ্রসারী বীভৎসতার চিত্র তুলে ধরা হয়েছে প্রযোজনাটিতে। সভ্যতা ধ্বংসকারী মানবসৃষ্ট যুদ্ধ, গণহত্যা ও অনাচারের বিপরীতে মানুষ হিসেবে বর্তমান কর্তব্য অনুধাবন এবং দর্শককে সিদ্ধান্ত গ্রহণের মুখোমুখি দাঁড় করানোই এ প্রযোজনার অন্যতম লক্ষ্য।










