পোস্টার-টিজারের পর প্রকাশ্যে এল ‘দাগি’ সিনেমার প্রথম গান। বৃহস্পতিবার (২২ মার্চ) ‘একটুখানি মন’ শিরোনামের গানটি অবমুক্ত হয়েছে। সাজিদ সরকারের সুর ও সংগীতায়োজনে গানটি গেয়েছেন তাহসান খান ও মাশা ইসলাম। সিনেমার গল্পে নিশান ও জেরিন চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা।

‘একটুখানি মন’ গানটি লিখেছেন কবি ও ঔপন্যাসিক সাদাত হোসাইন। ১ মিনিট ৪২ সেকেন্ডের গান ভিডিওতে সিনেমার নতুন কিছু দৃশ্য পাওয়া গেছে। যেখানে আফরান নিশো এবং তমা মির্জাকে পাওয়া গেছে বেশ রোমান্টিক মুডে। ভিন্ন লুক ও পরিস্থিতিও প্রকাশ পেয়েছে কিছু দৃশ্যে। ‘দাগি’ সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি।

‘দাগি’ মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প, এ ধরনের গল্প দেশের দর্শক দেখেনি বলে জানিয়েছেন নির্মাতা শিহাব শাহীন।