২০২৬ সালের এমি অ্যাওয়ার্ডসের আসর আজ সকালে অনুষ্ঠিত হয়েছে। সম্ভাবনা, সন্দেহ ও পূর্বাভাসের সঙ্গে কিছু পুরস্কারের মিল থাকলেও কোনোটা আবার হতাশ করেছে। এবারের আসলে সবচেয়ে বেশি পুরস্কার জিতেছে ‘উইডোস বে’। অ্যাপল টিভি প্লাসের নতুন হরর-কমেডি সিরিজটি সোমবারের প্রাইমটাইম এমি এবং গত সপ্তাহান্তের ক্রিয়েটিভ আর্টস এমি মিলিয়ে ১৯টি মনোনয়নের বিপরীতে সিরিজটি পেয়েছে ১৪টি পুরস্কার।

সেরা কমেডি সিরিজের পুরস্কারের পাশাপাশি উইডোস বে-র জন্য প্রধান কমেডি অভিনেতার পুরস্কার পেয়েছেন ম্যাথিউ রিস। লিমিটেড সিরিজ ‘দ্য বিস্ট ইন মি’র জন্যও একই বিভাগে পুরস্কার পেয়েছেন। ফলে এমির ইতিহাসে একই বছরে দুইবার প্রধান অভিনয় পুরস্কারজয়ী হিসেবে নজির গড়লেন। সিরিজটির জন্য পার্শ্ব অভিনেত্রী কেট ও’ফ্লিন, পার্শ্ব অভিনেতা স্টিফেন রুট, লেখার জন্য নির্মাতা কেটি ডিপল্ড এবং পরিচালনার জন্য হিরো মুরাইও পুরস্কৃত হয়েছেন।

এবারের এমিতে সবচেয়ে বেশি মনোনয়ন পাওয়া সিরিজ ছিল এইচবিওর মেডিকেল ড্রামা দ্য পিট। ২৫টি মনোনয়নের মধ্যে সিরিজটি জিতেছে সাতটি পুরস্কার। টানা দ্বিতীয় বছরের মতো সেরা ড্রামা সিরিজ এবং প্রধান ড্রামা অভিনেতার পুরস্কার পেয়েছে সিরিজটি। প্রধান অভিনেতার পুরস্কার জিতেছেন নোয়া ওয়াইল। গত বছর ১৩টি মনোনয়ন পাওয়া সিরিজটি এবার প্রায় দ্বিগুণ মনোনয়ন পেয়েছে।

এছাড়া অ্যাপল টিভি প্লাসের নতুন ড্রামা প্লুরিবাস পেয়েছে ছয়টি পুরস্কার। এর মধ্যে রয়েছে নির্মাতা ভিন্স গিলিগানের লেখার পুরস্কার এবং প্রধান অভিনেত্রীর পুরস্কার রিয়া সিহর্নের। গিলিগানের আগের সিরিজ বেটার কল সওল–এর পুরো সময়ে একবারও এমি জিততে পারেননি সিহর্ন। এবার সেই অপেক্ষার অবসান হলো।

সূত্র: ভ্যারাইটি