পরিচালক নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির ট্রেলার দেখে প্রশংসায় ভাসিয়েছেন অভিনেতা নীতীশ ভরদ্বাজ। ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘মহাভারত’-এ কৃষ্ণ চরিত্রে অভিনয় করে পরিচিতি মুখ তিনি। তবে প্রশংসার পাশাপাশি রাম চরিত্রে অভিনয় করা রণবীর কাপুরকে একটি বিশেষ পরামর্শও দিয়েছেন অভিনেতা।
ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে নীতীশ ভরদ্বাজ লেখেন, ‘রামায়ণ’ বিশ্বমঞ্চে ভারতীয় সিনেমার মর্যাদা আরো বাড়াবে। তিনি ছবিটির প্রোডাকশন ডিজাইন, সিনেমাটোগ্রাফি, ভিএফএক্স, এআই-এর ব্যবহার এবং সুরকার হ্যান্স জিমারের সংগীতের প্রশংসা করেন। একই সঙ্গে রণবীর কাপুর ও যশের অভিনয় নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন।
তবে রণবীরকে উদ্দেশ করে তিনি বলেন, রামের মতো ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের পর একজন অভিনেতার সামাজিক দায়িত্ব বেড়ে যায়। তাই ভবিষ্যতে তিনি যেন ‘অ্যানিম্যাল’-এর মতো সিনেমায় অভিনয় না করেন, পারিশ্রমিক যত বড়ই হোক। তার মতে, ভারতের ঐতিহ্য, সংস্কৃতি ও মূল্যবোধ তুলে ধরার মতো অসংখ্য গল্প রয়েছে, যেখানে একজন অভিনেতা নিজের প্রতিভা তুলে ধরতে পারেন।
নীতীশ ভরদ্বাজ আরো আশা প্রকাশ করেন, দর্শকরা সাই পল্লবীকে সীতার চরিত্রে আন্তরিকভাবে গ্রহণ করবেন। পাশাপাশি তিনি বলেন, ছবিতে যদি তুলসীদাসের রামচরিতমানসের চৌপাই এবং মৃদঙ্গ-করতালের সুর ব্যবহার করা হয়, তাহলে তা দর্শকের আবেগের সঙ্গে আরও গভীর সংযোগ তৈরি করবে।
তিনি জানান, পরিচালক নীতেশ তিওয়ারির এই উদ্যোগকে সম্মান জানাতে তিনি অন্তত পাঁচবার ‘রামায়ণ’ দেখার ইচ্ছা রাখেন।
সম্প্রতি প্রকাশিত ট্রেলারে দেখা যায়, যশ অভিনীত রাবণ নিজেকে ত্রিলোকের অধিপতি হিসেবে ঘোষণা করছে। তার অত্যাচার থেকে পৃথিবীকে রক্ষা করতে রামের অবতার ধারণ করেন ভগবান বিষ্ণু। এরপর রণবীর কাপুর অভিনীত রাম, অসুরদের বিরুদ্ধে যুদ্ধ, প্রজাদের সুরক্ষা এবং সীতার সঙ্গে তার বিবাহসহ গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর ঝলক দেখানো হয়েছে। ট্রেলারের ভিজ্যুয়াল, অ্যাকশন ও পৌরাণিক আবহ এরই মধ্যে দর্শকদের মধ্যে ইতি-নেতি দুই ধরনের আলোচনারই জন্ম দিয়েছে।










