ফেসবুক অনুসারীর সংখ্যায় নতুন এক মাইলফলক স্পর্শ করলেন চিত্রনায়িকা পরীমনি। দীর্ঘদিন এই তালিকার শীর্ষে থাকা ক্রিকেটার সাকিব আল হাসানকে পেছনে ফেলে দেশের তারকাদের মধ্যে এখন সবচেয়ে বেশি ফেসবুক অনুসারী তারই।
বর্তমানে পরীমনির অনুসারী সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি, আর সাকিব আল হাসানের ১ কোটি ৬০ লাখের বেশি। এর মধ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেশের তারকাদের মধ্যে শীর্ষ অবস্থানে উঠে এসেছেন এই অভিনেত্রী।
তবে অভিনয়জীবনের হিসাব বলছে ভিন্ন কথা। প্রায় ১২ বছরের ক্যারিয়ারে পরীমনি অভিনয় করেছেন প্রায় দুই ডজন সিনেমায়, কিন্তু এর কোনোটিই বাণিজ্যিকভাবে বড় সাফল্য পায়নি। এরপরও ব্যক্তিজীবন, সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতি ও নানা আলোচিত ঘটনার কারণে তিনি প্রায় সব সময়ই থেকেছেন আলোচনার কেন্দ্রে।
চলচ্চিত্রসংশ্লিষ্টরা মনে করেন, পরীমনির এই জনপ্রিয়তার একটি বড় কারণ ফেসবুকে তার নিয়মিত উপস্থিতি। ভ্রমণ, সন্তানের বেড়ে ওঠা, ফটোশুট, নতুন কাজের খবর কিংবা দৈনন্দিন জীবনের ছোটখাটো মুহূর্ত—সবকিছুই তিনি ভাগ করে নেন অনুসারীদের সঙ্গে, যা তৈরি করেছে ভক্তদের সঙ্গে এক ধরনের ঘনিষ্ঠতা।
সাম্প্রতিক কয়েকটি পোস্টেই তার প্রতিফলন স্পষ্ট। গত রবিবার কন্যাসন্তানের খুনসুটির একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ‘সাজুনি বুড়ি দেখেন’, সঙ্গে ছিল ভালোবাসার ইমোজি। মাত্র ২২ ঘণ্টায় ভিডিওটিতে আসে ৭৮ হাজারের বেশি প্রতিক্রিয়া, প্রায় ২ হাজার মন্তব্য ও প্রায় ১৫ লাখ ভিউ। এর একদিন আগে রোদ পোহানোর একটি সাধারণ ছবি পোস্ট করে ‘সানসাইশন’ লিখেও পান ৪৮ হাজারের বেশি প্রতিক্রিয়া।
শীর্ষস্থানে ওঠা নিয়ে গণমাধ্যমকে পরীমনি বলেন, ‘আমার জীবনের ছোট ছোট বিষয়গুলো আমি সবার সঙ্গে খোলা মনে ভাগ করে নিতে ভালোবাসি। আমার জীবনে কোনো ধরনের লুকোচুরি নেই। বাস্তবে আমি যা, ফেসবুকেও তার রিফ্লেকশন সব সময় থাকে। হয়তো সে কারণেই মানুষ আমাকে এতটা আপন মনে করেন। তাদের সবার এই ভালোবাসার মূল্য আমি সব সময় দেয়ার চেষ্টা করব। আমি বিশ্বাস করি, মানুষের ভালোবাসার চেয়ে বড় কোনো অর্জন নেই। যারা এত দিন ধরে আমার পাশে আছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। সবার ভালোবাসায় এগিয়ে যেতে চাই।’










