সময়ের সঙ্গে বদলেছে ফ্যাশনের ধরন। পোশাক, সাজসজ্জা থেকে শুরু করে চুলের স্টাইল—সবকিছুতেই এসেছে পরিবর্তন। তবে পুরোনো দিনের প্রতি মানুষের টান যেন কখনোই মলিন হয় না। সেই নস্টালজিয়াকেই নতুন করে জাগিয়ে তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।
বর্তমান সময়ের ছবি এআইয়ের সাহায্যে আশির দশকের আদলে বদলে ফেলার একটি ট্রেন্ড এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বড় চুল, রঙিন পোশাক ও পুরোনো দিনের ক্যামেরার আবহ মিলিয়ে তৈরি হচ্ছে একের পর এক রেট্রো ছবি। সাধারণ মানুষের পাশাপাশি এ ট্রেন্ডে শামিল হয়েছেন দেশের বিনোদন অঙ্গনের অনেক পরিচিত মুখও।
এ তালিকায় রয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। ফেসবুকে নিজের রেট্রো লুকের ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, নিউ ট্রেন্ড। অভিনেতা অপূর্বকে দেখা গেছে বাইকে বসা অবস্থায়। চোখে কালো চশমা, পরনে সময়ের সঙ্গে মানানসই পোশাক—সব মিলিয়ে যেন পুরোনো দিনের কোনো সিনেমার দৃশ্য। ছবিটির সঙ্গে তিনি লিখেছেন, আশির দশকে অভিনেতা হওয়া মানে যা বোঝাত...।

একই ট্রেন্ডে ছবি পোস্ট করে শ্যামল মাওলা লিখেছেন, রেট্রো, যে ফ্যাশন কখনো পুরোনো হয় না।
বাদ যাননি অভিনেত্রী ভাবনাও। আশির দশকের সাজে ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, আশির দশকের আমি—ভিনটেজ আমেজে, চিরন্তন এক মায়ায়।
তৌসিফ মাহবুবের ছবিতেও ধরা পড়েছে সেই সময়ের আবহ। ক্যাপশনে তিনি লিখেছেন, আশির দশকের কোনো এক বিকেল থেকে। তমা মির্জা তার ছবিতে লিখেছেন, ট্রেন্ড ফলো করলাম। একই ট্রেন্ডে যুক্ত হয়ে পূজা চেরী লিখেছেন, করলাম আরকি।

আশির দশকের লুকে দেখা গেছে সাফা কবিরকেও। এআইয়ের ছোঁয়ায় তার সাজ ও ছবির আবহে ফুটে উঠেছে পুরোনো সময়ের ছাপ। একই ট্রেন্ডে ছবি প্রকাশ করেছেন অর্চিতা স্পর্শিয়া। রেট্রো সাজে ধরা দিয়েছেন মাসুমা রহমান নাবিলাও।
এ ছাড়া রেট্রো লুকের ছবি পোস্ট করেছেন মনোয়ার হোসেন ডিপজল, শবনম বুবলী, তানজিকা আমিন ও তার স্বামী, তাসনিয়া ফারিণ, প্রার্থনা ফারদিন দিঘী, খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, সোহেল মন্ডল, মীর সাব্বির, ফারিন খান, আরশ খান, সংগীতশিল্পী প্রতীক হাসান তার স্ত্রী-সন্তানসহ এবং শামীম হাসান সরকার।

তারকাদের আশির দশকে ফিরে যাওয়ার এ প্রবণতা সামাজিক যোগাযোগমাধ্যমে যেমন কৌতূহল তৈরি করেছে, তেমনি ফিরিয়ে এনেছে পুরোনো দিনের আবেগঘন আবহ।
তবে এখনো এ ট্রেন্ডে নিজে যুক্ত হননি শাকিব খান। এতে অবশ্য দমে যাননি তার ভক্তরা। এআইয়ের মাধ্যমে প্রিয় নায়কের আশির দশকের ছবি তৈরি করে তারাই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। অন্য তারকারা যখন একে একে রেট্রো লুকে হাজির হচ্ছেন, তখন শাকিব খানকে সেই সময়ের আবহে কেমন দেখাবে—সেই কৌতূহলই যেন মেটাতে চাইছেন তার ভক্তরা।










