বিয়ের ২০ বছর পর আবারও একে অপরের কাছে বিয়ের প্রতিজ্ঞা নবায়ন করেছেন তামিল সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি সূরিয়া ও জ্যোতিকা। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে একটি গির্জায় খ্রিস্টান রীতিতে এই আয়োজন করেন তারা। অনুষ্ঠানে ছিলেন তাদের দুই সন্তান দিয়া ও দেব এবং সূরিয়ার ভাই ও অভিনেতা কার্থিসহ ঘনিষ্ঠজনেরা।
প্রতিজ্ঞা নবায়নের সেই বিশেষ মুহূর্তের ভিডিও ও ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন জ্যোতিকা। ভিডিওতে সাদা গাউনে ছেলে দেবের হাত ধরে অনুষ্ঠানে প্রবেশ করতে দেখা যায় তাকে। অন্যদিকে সাদা স্যুট জ্যাকেট ও কালো ট্রাউজারে ছিলেন সূরিয়া। পাশে ছিল তাদের মেয়ে দিয়া। পরে একে অপরের কাছে নতুন করে বিয়ের প্রতিজ্ঞা করেন তারা। আবেগঘন সেই মুহূর্তে দুজনকেই আবেগাপ্লুত হতে দেখা যায়।
ভিডিওর ক্যাপশনে জ্যোতিকা জানিয়েছেন, এটি তাদের ‘ভালোবাসা ও যুদ্ধের ২০ বছর’ এর উদযাপন। তবে এটি কোনো নিখুঁত দাম্পত্যের উদযাপন নয়। বরং সম্পর্কের ভুল-ত্রুটি, মানিয়ে নেওয়া, বোঝাপড়া, ত্যাগ এবং নিঃস্বার্থ ভালোবাসার উদযাপন।
দাম্পত্যজীবন নিয়ে নিজের প্রতিজ্ঞার কথাও জানিয়েছেন জ্যোতিকা। সুখী থাকার পাশাপাশি জীবনকে উদযাপন ও সুস্থ থাকার প্রতিজ্ঞা করেছেন তিনি। স্বামী ও সন্তানদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, সূরিয়া তাকে আগলে রাখেন এবং তাদের দুই সন্তান তার জীবনের অর্থ ও বেঁচে থাকার কারণ।
মা হিসেবে নিজের দায়িত্বের কথাও তুলে ধরেছেন জ্যোতিকা। ভালো মা হওয়ার অর্থ শুধু রান্না করা, ঘর পরিষ্কার করা কিংবা সন্তানদের কাজে সাহায্য করা নয়; বরং এমন একজন মা হওয়া, যার হাসি সন্তানদের বাবা-মায়ের ভালোবাসার গল্পকে আবারও বাঁচিয়ে রাখতে অনুপ্রাণিত করবে।
সূরিয়াকে উদ্দেশ্য করে জ্যোতিকা আরো লিখেছেন, তিনি এমনই একজন ‘অসম্পূর্ণ স্ত্রী’ হয়ে থাকতে চান, যিনি ঝগড়া করেন, আবার অভিমান ভেঙে কাছে ফিরে আসেন। তার মতে, প্রতিবার এমন মান-অভিমানের পর তাদের সম্পর্ক আরো গভীর হয়।
তাদের সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে বন্ধুত্বের কথাও বলেছেন জ্যোতিকা। সূরিয়া তার কাছে একই সঙ্গে সমকক্ষ, বিশ্বাসভাজন, গল্পের সঙ্গী, সবচেয়ে কাছের বন্ধু, স্বামী এবং সন্তানদের বাবা। আগামী আরও ২০ বছর সেই বন্ধুত্ব, বোঝাপড়া ও ভালোবাসা ধরে রাখার প্রত্যয়ও জানিয়েছেন তিনি।
সূরিয়া ও জ্যোতিকা প্রথম একসঙ্গে অভিনয় করেন ১৯৯৯ সালের ‘পুভেল্লাম কেট্টুপ্পার’ সিনেমায়। এরপর ‘কাখা কাখা’, ‘পেরাঝাগান’, ‘মায়াভি’ ও ‘সিল্লুনু ওরু কাধাল’-সহ একাধিক সিনেমায় জুটি হিসেবে দেখা যায় তাদের। দীর্ঘদিনের বন্ধুত্ব ও প্রেমের পর ২০০৬ সালে বিয়ে করেন তারা। বিয়ের পর কয়েক বছর অভিনয় থেকে দূরে থেকে পরিবারকে সময় দেন জ্যোতিকা। পরে ২০১৫ সালে অভিনয়ে ফেরেন তিনি। দুই দশকের দাম্পত্যজীবন পেরিয়ে এবার সেই সম্পর্ককেই নতুন করে উদযাপন করলেন সূরিয়া-জ্যোতিকা।










