পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জুনুনের প্রধান কণ্ঠশিল্পী আলী আজমত আসছেন ঢাকায়। আগামী ২ মে তিনি রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে একক কনসার্টে গান পরিবেশন করবেন।

'আলী আজমত (দ্য ভয়েস অব জুনুন) লাইভ ইন ঢাকা' শীর্ষক এ কনসার্টের আয়োজন করছে অ্যাসেন বাজ। তবে এখনো টিকিটের মূল্য নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন আয়োজকরা।

এর আগেও আলী আজমত জুনুন ব্যান্ডের সঙ্গে দুবার বাংলাদেশে পারফর্ম করেছেন। তবে এবারই প্রথম তিনি একক কনসার্ট করতে আসছেন।

সুফি ঘরানার ব্যান্ড জুনুন ১৯৯১ সালে যাত্রা শুরু করে। শুরু থেকেই ব্যান্ডের সঙ্গে আছেন আলী আজমত। শুধু ব্যান্ড নয়, বলিউডেও গান গেয়ে তিনি জনপ্রিয়তা পেয়েছেন।

২০০৩ সালে বলিউডের পাপ সিনেমার ‘গরজ বরস’ গানটির মাধ্যমে সেখানেও ক্যারিয়ার শুরু করেন তিনি। গানের পাশাপাশি অভিনয় করতেও দেখা গেছে তাকে। তার অভিনীত সর্বশেষ সিনেমা পাকিস্তানের 'দ্য লিজেন্ড অব মওলা জাট'।